© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করুন’-ইতিহাস গড়ার পর মিশরের কোচ

শেয়ার করুন:
‘আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করুন’-ইতিহাস গড়ার পর মিশরের কোচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৪ পিএম | ০৪ জুলাই, ২০২৬
আফ্রিকার অন্যতম সেরা দল হওয়া সত্বেও মোটে চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলছে মিশর। তবে আগের তিনবারই গ্রুপ পর্ব পার না হতে পারা ফারাওরা এবার নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। আর প্রথমবার নকআউট পর্বে খেলতে নেমেই ইতিহাস গড়েছে মিশরীয়রা। টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে জায়গা করে নিয়েছে শেষ ১৬-তে।

গতরাতে (৩ জুলাই) ডালাস স্টেডিয়ামে শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে মিশর। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। এবারই প্রথম শেষ ১৬ পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পেরেছে ফারাওরা।

মিশরের কোচ হোসাম হাসান অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ নকআউট পর্বে তার দলের ঐতিহাসিক জয়টি ফিলিস্তিনের জনগণকে উৎসর্গ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনিরাও পুরো আরব বিশ্বের সঙ্গে মিলেই এই জয়টি রাতভর উদযাপন করেছে।

টাইব্রেকারে মিশরের হয়ে জয়সূচক পেনাল্টি করেন হোসাম আবদেলমাগুইদ। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে হ্যারি সাউটার এবং লুকাস হ্যারিংটন ১২ গজ থেকে গোল করতে ব্যর্থ হন। এই জয়ের ফলে মিশর শেষ ষোলোতে উঠে যায়, যেখানে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতেই ১৩তম মিনিটে হেড থেকে গোল করে মিশরকে এগিয়ে দেন ইমাম আশুর। তবে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে মোহাম্মদ হানির আত্মঘাতী গোল ম্যাচে সমতা ফেরায়।

ম্যাচ শেষে হোসাম হাসান বলেন, 'আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করুন, তাদের শহীদদের প্রতি রহম করুন।' তিনি আরও বলেন, 'আমি এই জয় মিশর এবং ফিলিস্তিনের মহান ও সম্মানিত মানুষের জন্য উৎসর্গ করছি।'
জয়ের পর হাসান মিশর ও ফিলিস্তিন দুই দেশের পতাকাই মাঠে নিয়ে আসেন। পুরো দল মাটিতে সিজদায় নত হয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

অনেক ফিলিস্তিনি ফুটবল সমর্থক সামাজিক মাধ্যমে এই জয়ে নিজেদের আনন্দ ভাগ করে নেন। গাজা-ভিত্তিক টেমার নাহেদ এক্স-এ লেখেন, 'প্রথমবারের মতো আমি এত উত্তেজনা নিয়ে বিশ্বকাপ অনুসরণ করছি।' তিনি আরও লেখেন, 'মিশরের জয় দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল মানুষদের প্রতিক্রিয়া; ধ্বংসস্তূপ আর তাঁবুর মাঝেও হাজার হাজার মানুষ ম্যাচ দেখতে বেরিয়ে এসেছিল।'

তিনি আরও জানান, 'মুখে হাসি, উল্লাস আর আনন্দ ছিল; যেন সবাই যুদ্ধ ও কষ্টের মাঝেও কিছুটা জীবনের স্বাদ নিতে চেয়েছিল।'

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধ্বংসপ্রাপ্ত ভবন ও অস্থায়ী তাঁবুর পটভূমিতে মানুষ একসঙ্গে খেলা দেখছে, অনেক শিশুর মুখে মিশরের পতাকার রঙ আঁকা।

তবে এই জয়ের কয়েক ঘণ্টা আগে মিশর দলের সঙ্গে ডালাস পুলিশের একটি ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, একজন ফ্যানের সঙ্গে ছবি তুলতে যাওয়ার সময় দলের পরিচালক ইব্রাহিম হাসান এবং খেলোয়াড় ত্রেজেগেকে একজন পুলিশ কর্মকর্তা ধাক্কা দেন।

পরবর্তীতে অবশ্য ডালাসের পুলিশ বিভাগ জানায়, ঘটনাটি ঘটনাস্থলেই সমাধান করা হয়েছে।


মন্তব্য করুন