৩য় বিয়ে সারলেন আমির খান
ছবি: সংগৃহীত
০২:৫৫ পিএম | ০৫ জুলাই, ২০২৬
দীর্ঘদিন ধরেই বলিউডে গুঞ্জন ছিল, জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন আমির খান। নানা জল্পনা-কল্পনার পর অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।
রোববার মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনিভাবে বিয়ে সম্পন্ন করেন আমির খান। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশেষ বিবাহ আইনের অধীনেই নিবন্ধিত হয়েছে তাদের এই বিয়ে।
জাঁকজমক নয়, বরং একান্ত ব্যক্তিগত পরিসরেই জীবনের বিশেষ দিনটি উদযাপন করেছেন এই তারকা। আমির নিজেই এটিকে ‘ঘরোয়া বিয়ে’ বলে উল্লেখ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।
বিয়ের দিন সকাল থেকেই আমিরের বাসভবনের বাইরে সংবাদকর্মী ও আলোকচিত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মুম্বাইয়ে ভারী বৃষ্টি হলেও তার কোনো প্রভাব পড়েনি অনুষ্ঠানে। কারণ পুরো আয়োজনই সম্পন্ন হয়েছে বাসভবনের ভেতরে।
অনুষ্ঠানে নির্মাতা আশুতোষ গোয়ারিকারসহ আমিরের কয়েকজন ঘনিষ্ঠজনকে উপস্থিত থাকতে দেখা গেছে। তবে অতিথির তালিকা ছিল খুবই সীমিত। ব্যক্তিগত পরিসরের বাইরে কোনো আনুষ্ঠানিক আয়োজন রাখা হয়নি।
বিয়ে শেষে পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি ব্যক্তিগত মধ্যাহ্নভোজের আয়োজন করেন নবদম্পতি। এর বাইরে কোনো সংবর্ধনা অনুষ্ঠান কিংবা বড় পরিসরের আয়োজন থাকছে না বলেও আগেই জানিয়েছিলেন আমির খান।
দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে নতুন জীবনের সূচনা করলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। ব্যক্তিগত এই আয়োজনে আড়ম্বরের বদলে ঘনিষ্ঠজনদের সঙ্গেই বিশেষ মুহূর্তটি ভাগ করে নিয়েছেন তিনি।
এসএ/টিএ