জনপ্রিয় অভিনেত্রী দীপিকা ফের হাসপাতালে
ছবি: সংগৃহীত
০৮:১৬ পিএম | ০৬ জুলাই, ২০২৬
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্করের ক্যান্সারের চিকিৎসা এখনো চলমান। দ্বিতীয় দফার ইমিউনোথেরাপি শুরু হওয়ায় আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।
যদিও চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন অভিনেত্রীকে, তবু দীর্ঘ এই চিকিৎসাপ্রক্রিয়া তার স্বাভাবিক জীবনযাত্রায় বড় প্রভাব ফেলছে।
গত বছরের মে-জুন মাসে দীপিকার যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যান্সার ধরা পড়ে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার যকৃৎ থেকে টেনিস বলের সমান একটি টিউমার অপসারণ করা হয়। এর পর থেকেই চলছে নিয়মিত চিকিৎসা।
এর মধ্যেই কয়েকবার শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে।
সম্প্রতি নিজের ইউটিউব ভ্লগে দীপিকার বর্তমান শারীরিক অবস্থার কথা জানান তাঁর স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম। ভিডিওতে দীপিকাও চিকিৎসাজনিত অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘এটা এখন যেন রুটিন হয়ে গেছে।
২০-২১ দিন পরপরই আমাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।’
শোয়েব জানান, বেশ কিছুদিন ধরেই দীপিকার শরীরে আয়রনের ঘাটতি দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শে তাঁকে আইভি আয়রন ড্রিপ দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে অতিরিক্ত ঝিমুনি অনুভব করায় এক রাত হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
তবে নিজের অসুস্থতার চেয়েও ছেলে রুহানকে নিয়েই বেশি দুশ্চিন্তায় আছেন দীপিকা।
তাঁর মতে, গত কয়েক সপ্তাহে ছেলের আচরণে বেশ পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে মায়ের অসুস্থতা, ঘন ঘন হাসপাতালে যাওয়া এবং পরিবারের স্বাভাবিক পরিবেশের অভাব ছোট্ট রুহানের মনেও প্রভাব ফেলছে।
দীপিকা বলেন, ‘রুহান আগের তুলনায় অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছে।’ তাই চিকিৎসার ব্যস্ততার মধ্যেও ছেলের সঙ্গে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করছেন তিনি এবং শোয়েব।
ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকেই নিজের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের সঙ্গে খোলামেলা কথা বলে আসছেন এই অভিনেত্রী।
এর আগেও তিনি জানিয়েছিলেন, চিকিৎসা, শারীরিক দুর্বলতা এবং নিয়মিত হাসপাতালে যাতায়াতের কারণে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। বিশেষ করে মা হিসেবে ছেলেকে পর্যাপ্ত সময় দিতে না পারার কষ্ট তাঁকে সবচেয়ে বেশি মানসিকভাবে নাড়া দেয়।
দীপিকার বিশ্বাস, গুরুতর অসুস্থতা শুধু একজন মানুষের শরীরেই নয়, তাঁর পারিবারিক জীবন, দায়িত্ববোধ ও দৈনন্দিন বাস্তবতাতেও বড় পরিবর্তন আনে। তবুও চিকিৎসকদের পরামর্শ মেনে ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে আশাবাদী তিনি।
উল্লেখ্য, ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকেই নিয়মিত চিকিৎসা নিচ্ছেন দীপিকা কক্কর। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্বাস্থ্যগত অগ্রগতির খবরও ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী।
টিএ/