‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর
ছবি: সংগৃহীত
০১:০০ এএম | ০৭ জুলাই, ২০২৬
বিশ্বকাপের শেষ ষোলোয় কাল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তাঁরা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’ আছেন।
মিসরের প্রধান কোচ হোসাম হাসানের যমজ ভাই সহকারী ইব্রাহিম হাসান। দুজনে একসঙ্গে খেলেছেন মিসরের জাতীয় দলেও। স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘সাদা আল-বালাদ’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তাদের লিওনেল মেসি আছে ঠিকই, কিন্তু আমাদের আছে মোহাম্মদ সালাহ এবং আরও ২৬ জন মেসি। আশা করি ঈশ্বর আমাদের এই বিশ্বাসের প্রতিদান দেবেন।’
খেলোয়াড়দের প্রতিপক্ষের বড় নামের চাপ থেকে মুক্ত রাখতে এবং মানসিক শক্তি বাড়াতেই এমন মন্তব্য করেছেন ইব্রাহিম। ম্যাচের কৌশল নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, মাঠে নেমে আলাদা করে মেসির দিকে তাকিয়ে থাকার কোনো কারণ নেই। ইব্রাহিম বলেন, ‘আমরা মেসিকে আলাদা করে দেখছি না। আমাদের খেলোয়াড়দের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা মাঠে নেমে প্রতিপক্ষের নামের দিকে না তাকিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে।’

মেসির বিপক্ষে খেলা নিয়ে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না ইব্রাহিম। তিনি আরও বলেন,‘মেসির বিপক্ষে খেলা? এটা নিয়ে আমরা ভাবছিই না। আমাদের পুরো মনোযোগ কেবল মিসর দলের ওপর। প্রতিপক্ষ মেসি হোক বা অন্য যে কেউই হোক, আমরা মাঠে নামি লড়াই করার জন্য। আমাদের যেমন মোহাম্মদ সালাহ আছেন, তেমনি দলে একঝাঁক বিশ্বমানের খেলোয়াড় রয়েছে।’
শেষ বত্রিশের রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে মিসর। দলের লক্ষ্য যে কেবল নকআউটে আসাই ছিল না।
একেএস/টিএ