© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসতে পারে তিন পরিবর্তন

শেয়ার করুন:
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসতে পারে তিন পরিবর্তন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৬ এএম | ০৭ জুলাই, ২০২৬
কেপ ভার্দের বিপক্ষে ঘাম ঝরানো জয়ের পর দলকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন লিওনেল স্কালোনি। শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে তাই শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনতে পারে আর্জেন্টিনার প্রধান কোচ।

আটালান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ জিতলেই মিলবে কোয়ার্টার-ফাইনালের টিকিট। অন্যথায় পা হড়কালেই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মতো বেজে যাবে বিদায়ঘণ্টা।

তাই নিজেদের একাদশ চূড়ান্ত করার আগে সব কিছু বিচার-বিবেচনায় রাখছেন স্কালোনি। আর্জেন্টিনার ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ট্যাকটিক্যাল কিছু দিক বদলে দিয়ে শুরুর একাদশে আসবে তিন পরিবর্তন।

চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে নিকোলাস তাগলিয়াফিকোকে মিশরের বিপক্ষে শুরু থেকেই দেখা যেতে পারে। সেক্ষেত্রে ফাকুন্দো মেদিনাকে বেঞ্চে পাঠিয়ে দেবেন স্কালোনি। মূলত তাগলিয়াফিকোর চোটেই শুরুর একাদশে জায়গা হয়েছিল মেদিনার।

এছাড়া আক্রমণভাগে জায়গা হারাতে পারেন লাউতারো মার্তিনেজ। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটিসহ এই বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ইন্টার মিলান ফরোয়ার্ড। তাই তার জায়গায় একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষায় এখন হুলিয়ান আলভারেজ।

এর বাইরে একটি ট্যাকটিক্যাল পরিবর্তনও করবেন স্কালোনি। লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজের সঙ্গে আক্রমণভাগে এত দিন সুযোগ পেয়েছিলেন থিয়াগো আলমাদা। তবে তার পারফরম্যান্সে তেমন সন্তুষ্ট হতে পারেনি টিম ম্যানেজমেন্ট।



অন্য দিকে বদলি হিসেবে নেমে মাঝমাঠে দারুণ খেলেছেন লেয়ান্দ্র পারেদেস। তাই আলমাদাকে বাইরে পাঠিয়ে পারেদেসকে একাদশে ফেরাতে পারেন স্কালোনি। সেক্ষেত্রে আক্রমণভাগে মেসি ও আলভারেজ সঙ্গী হিসেবে পাবেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে। 

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা, রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লেয়ান্দ্র পারেদেস/নিকো গনজালেজ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ/লাউতারো মার্তিনেজ

একেএস/টিএ

মন্তব্য করুন