চালু হলো ‘বাংলা কিউআর’, বিভিন্ন দেশে মার্চেন্ট ফি কত?
ছবি: সংগৃহীত
০৬:১৭ পিএম | ০৭ জুলাই, ২০২৬
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘বাংলা কিউআর’ (Bangla QR)। নগদবিহীন বা ক্যাশলেস সমাজ গঠনের লক্ষ্য নিয়ে চালু হওয়া এ উদ্যোগে ডিজিটাল লেনদেন আরও সহজ হওয়ার কথা থাকলেও মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বা মার্চেন্ট ফি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
নতুন ব্যবস্থায় ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে লেনদেনে ব্যবসায়ীদের ভ্যাটসহ সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত ফি দিতে হবে। অর্থাৎ একজন ক্রেতা কিউআর কোড স্ক্যান করে ১ হাজার টাকা পরিশোধ করলে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত মার্চেন্টের কাছ থেকে কেটে নেওয়া হতে পারে।
ডিজিটাল পেমেন্ট বিশেষজ্ঞদের মতে, বিশ্বের অধিকাংশ দেশ ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে মার্চেন্ট ফি শূন্য বা খুবই কম পর্যায়ে রেখেছে। ফলে ব্যবসায়ীরা সহজেই কিউআর পেমেন্ট গ্রহণে আগ্রহী হচ্ছেন।
প্রতিবেশী ভারতে সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউপিআই (UPI)-এ মার্চেন্ট ফি সম্পূর্ণ শূন্য। ফলে ছোট দোকান থেকে বড় ব্যবসা—সবখানেই নির্বিঘ্নে কিউআর পেমেন্ট গ্রহণ করা হচ্ছে।
একই ধরনের নীতি অনুসরণ করছে থাইল্যান্ডের প্রম্পটপে (PromptPay) এবং সিঙ্গাপুরের পে-নাও (PayNow)। এই দুই দেশেও অধিকাংশ ক্ষেত্রে বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কিউআর পেমেন্টে কোনো মার্চেন্ট ফি নেই।
অন্যদিকে ব্রাজিলের পিক্স (Pix) ব্যবস্থায় মার্চেন্ট ফি মাত্র ০.২২ শতাংশ। চীনের আলিপে (Alipay) ও উইচ্যাট পে (WeChat Pay)-এ এই হার ০.৫৫ থেকে ০.৬০ শতাংশ। ইন্দোনেশিয়ার কিউআরআইএস (QRIS) ব্যবস্থায় ফি ০.৭ শতাংশ।
এর বিপরীতে বাংলাদেশে ‘বাংলা কিউআর’-এ লেনদেনের ক্ষেত্রে ভ্যাটসহ সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত মার্চেন্ট ফি নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি ১ হাজার টাকার লেনদেনে ব্যবসায়ীদের ৩ টাকা থেকে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লাভের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় এ ফি তাদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করতে পারে। এতে অনেক ব্যবসায়ী কিউআর পেমেন্ট গ্রহণে অনাগ্রহী হতে পারেন বা অতিরিক্ত ব্যয় ক্রেতাদের ওপর চাপিয়ে দিতে পারেন।
তাদের মতে, ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে হলে আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে মার্চেন্ট ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা প্রয়োজন। অন্যথায় সরকারের ক্যাশলেস সমাজ ও ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
বিশ্বের বিভিন্ন দেশে মার্চেন্ট ফি একনজরে
দেশ ও পেমেন্ট ব্যবস্থা মার্চেন্ট ফি (MDR) প্রতি ১,০০০ টাকায় আনুমানিক খরচ
ভারত (UPI) ০% ০ টাকা
থাইল্যান্ড (PromptPay) ০% (অধিকাংশ ক্ষেত্রে) ০ টাকা
সিঙ্গাপুর (PayNow) ০% (ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য) ০ টাকা
ব্রাজিল (Pix) ০.২২% ২.২০ টাকা
চীন (Alipay/WeChat Pay) ০.৫৫%–০.৬০% ৫.৫০–৬.০০ টাকা
ইন্দোনেশিয়া (QRIS) ০.৭% ৭ টাকা
বাংলাদেশ (Bangla QR) সর্বোচ্চ ১% (ভ্যাটসহ) ৩–১০ টাকা
এসএন