শুধু মেসি নন, ইতিহাসের পাতায় নিজের নাম লিখতে চান সালাহও
ছবি: সংগৃহীত
০৯:৩১ পিএম | ০৭ জুলাই, ২০২৬
বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে আজ এমন এক লড়াই, যেখানে শুধু দুটি দলের নয়, মুখোমুখি হবে দুই ভিন্ন মহাদেশের দুই আইকনও। একদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নেতৃত্বে লিওনেল মেসি, অন্যদিকে মিসরের স্বপ্নের ভার কাঁধে নিয়ে মোহাম্মদ সালাহ। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় শুরু ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।
বিশ্বকাপে এবারও অন্যতম শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনা। তবে শেষ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিটের কঠিন লড়াই তাদের শারীরিক ও মানসিকভাবে চাপে ফেলেছে। সেই ম্যাচের ধকল কাটিয়ে আজ মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।
চোটের কারণে আর্জেন্টিনার রক্ষণভাগে কিছু পরিবর্তন আসতে পারে। ফাকুন্দো মেদিনার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, নিকো গনজালেসও পুরোপুরি সুস্থ নন। অধিনায়ক মেসির ফিটনেস নিয়েও নজর থাকবে, কারণ তিনি আগের ম্যাচে অতিরিক্ত সময় পর্যন্ত খেলেছেন।

অন্যদিকে মিসরের জন্য এটি হতে পারে ইতিহাস গড়ার সুযোগ। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামছে আফ্রিকার প্রতিনিধিরা। যদিও একাধিক ডিফেন্ডারের চোটে দলটি কিছুটা বিপাকে, তবু আক্রমণভাগে মোহাম্মদ সালাহর উপস্থিতিই তাদের সবচেয়ে বড় ভরসা। ইতিহাসে প্রথমবারে শেষ আটে উঠতে মরিয়া এই তারকা ফুটবলারও!
বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিসর। অতীতের পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে থাকলেও নকআউট পর্বে পরিসংখ্যানের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মুহূর্তের পারফরম্যান্স। তাই মেসির অভিজ্ঞতা নাকি সালাহর নেতৃত্ব-শেষ পর্যন্ত কোনটি পার্থক্য গড়ে দেয়, সেটিই এখন দেখার অপেক্ষা!
এমআর/টিএ