© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘কারও পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না’

শেয়ার করুন:
‘কারও পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৯ পিএম | ০৮ জুলাই, ২০২৬
বিশ্বকাপ থেকে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে যখন ট্রল, ব্যঙ্গ আর উল্লাসে সরব একাংশের ফুটবলপ্রেমী, তখন সম্পূর্ণ ভিন্ন এক বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। 

আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেতা প্রতিপক্ষের পরাজয়কে বিদ্রূপ না করে সহমর্মিতা দেখানোর আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে চঞ্চল লিখেছেন, ‘কারও পরাজয়ে উন্মাদের মতো উল্লাস করতে হয় না। সমব্যথী হতে হয়। অন্তত সেটা না পারলে শান্ত থাকতে হয় অথবা সান্ত্বনা দিতে হয়। ব্রাজিলের পরাজয়ে সত্যিই আমি মর্মাহত হয়েছি।

বিন্দুমাত্র উল্লাস করিনি।’

শুধু ব্রাজিলের বিদায় নয়, বর্তমান সময়ের ফুটবল তারকাদের নিয়েও নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। চঞ্চল লেখেন, ‘বর্তমান প্রজন্মের ফুটবলপ্রেমীরা সৌভাগ্যবান। কারণ, একই সময়ে নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো কিংবদন্তি ফুটবলারদের একাধিক বিশ্বকাপে খেলতে দেখার সুযোগ পেয়েছেন।

তিনি আরো বলেন, আগামী বিশ্বকাপে হয়তো এই তারকাদের অনেককেই আর মাঠে দেখা যাবে না। তবে তাঁদের নান্দনিক ফুটবল আজীবন স্মৃতি হয়ে থাকবে কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে।

পোস্টের শেষাংশে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথাও তুলে ধরেন এই অভিনেতা। তিনি লেখেন, ‘আজকের খেলায় মেসির জন্য শুভকামনা, আর্জেন্টিনার জন্য ভালোবাসা।’

চঞ্চল চৌধুরীর আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভালোবাসার কথা ভক্তদের অজানা নয়।

এর আগে বিশ্বকাপ চলাকালে নিজের আঁকা মেসির প্রতিকৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে প্রশংসা পেয়েছিলেন তিনি। 

এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, মেসির শিল্পসুলভ ফুটবল তাঁকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছে। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক এবং মেসির খেলা তাঁকে বরাবরই মুগ্ধ করে।

উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর রোমাঞ্চকর ম্যাচে মিসরকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই ম্যাচকে ঘিরেই নিজের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন চঞ্চল চৌধুরী।

এসএন 

মন্তব্য করুন