লাচ্ছি খাওয়া নিয়ে বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী ভাগ্যশ্রী
ছবি: সংগৃহীত
০৫:৫৭ পিএম | ০৮ জুলাই, ২০২৬
একটি লাচ্ছির দোকানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। একটি ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে শুরু হয় সমালোচনা।
অভিযোগ ওঠে, ক্যামেরার সামনে স্থানীয় লাচ্ছির প্রশংসা করলেও বাস্তবে তিনি সেটি পান করেননি। তবে এমন দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’খ্যাত এই অভিনেত্রী। বিতর্কের সূত্রপাত ভারতের বারাণসীর একটি জনপ্রিয় লস্যির দোকানে ভাগ্যশ্রীর সফরকে কেন্দ্র করে। সেখানে তিনি একটি ভিডিওতে দোকানের লস্যির প্রশংসা করেন।
পরে সেই ভিডিওর একটি সংক্ষিপ্ত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ক্লিপে দাবি করা হয়, বেশি চিনি ও ফ্যাট থাকার কারণে অভিনেত্রী লাচ্ছি পান করা থেকে বিরত ছিলেন। এরপরই তাকে নিয়ে শুরু হয় ব্যাপক ট্রলিং।
এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে ভাগ্যশ্রী বলেন, আপনারা কি সেখানে উপস্থিত ছিলেন? কেউ কি শুনেছেন আমি বলেছি যে লাচ্ছি খুব মিষ্টি, তাই আমি খাব না? ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরো লেখেন, ভুয়া জিনিস আসলে সেই ভিডিও, যেখানে অর্ধেক তথ্য দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
অভিনেত্রীর দাবি, একটি ঘটনার আংশিক ভিডিও দেখে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। পুরো ঘটনা না জেনেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। ভাগ্যশ্রীর এই ব্যাখ্যার পরও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। কেউ তার বক্তব্যকে সমর্থন জানালেও, অনেকে পুরো ভিডিও প্রকাশের দাবি তুলেছেন।
এসএ/এসএন