কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০
ছবি: সংগৃহীত
১০:৫০ এএম | ০৯ জুলাই, ২০২৬
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) ইবোলা ভাইরাসে অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি একটি সরকারি তথ্য থেকে এ সম্পর্কে জানা যায়।
মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করার পর থেকে পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে।
এর মধ্যেই আবার ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইতুরি প্রদেশে সামনের সারিতে কাজ করা স্বাস্থ্যকর্মীরা বকেয়া বেতনের প্রতিবাদে কাজ বন্ধ করে দিচ্ছে। সপ্তাহান্তে জাতীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষের কাছে দেওয়া এক আনুষ্ঠানিক নোটিশে ইতুরির এই সম্মুখসারির কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে বেতন পরিশোধ না করা হলে ধর্মঘটের ডাক দেন।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, কোনো আনুষ্ঠানিক ধর্মঘটের ঘোষণা না এলেও মঙ্গলবার (৭ জুলাই) নাগাদ অনেকেই ইতিমধ্যেই কাজ বন্ধ করে দিয়েছে।
বেশ কয়েকজন স্বাস্থ্য ও সম্মুখসারির কর্মী এপি-কে জানিয়েছেন যে, গত ১৫ মে ইবোলা প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে তাদের কোনো বেতন বা বোনাস দেওয়া হয়নি এবং তারা অপর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম নিয়ে কাজ করার পাশাপাশি কর্তৃপক্ষ ও রেসপন্স টিমের দ্বারা বৈষম্যমূলক আচরণেরও শিকার হচ্ছেন।
এ প্রসঙ্গে ইতুরির রাজধানী বুনিয়ার মহামারী নজরদারি কমিটির সদস্য ডা. বিয়েনসি কানো এপি-কে বলেছেন, ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঘোষণার পর থেকেই আমরা আমাদের কাজের পারিশ্রমিক দাবি করে আসছি।
সূত্র: আলজাজিরা
আরআই/ এসএন