ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল মরক্কো
ছবি: সংগৃহীত
১২:২৫ পিএম | ০৯ জুলাই, ২০২৬
ফ্রান্সের বিপক্ষে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে মাঠে নামছে মরক্কো। বিশ্বকাপের গত আসরে সেমিফাইনাল খেলা দলটি গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন মরক্কোর অন্যতম সেরা খেলোয়াড় ইসমাইল সাইবারি।
বুধবার (৮ জুলাই) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি। তিনি জানান, শেষ ষোলোতে কানাডার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইবারি। নির্ধারিত সময়ের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

ওয়াহবি বলেন, সাইবারি ছাড়া দলের সবাই শতভাগ ফিট। এই ম্যাচটি তার জন্য খুব দ্রুত চলে এসেছে। তবে আশা করছি, পুরো টুর্নামেন্ট থেকেই সে ছিটকে পড়বে না।
এবারের বিশ্বকাপে সাইবারি মরক্কোর অন্যতম সেরা পারফরমার। গ্রুপপর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন তিনি। এছাড়া শেষ ৩২-এর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিও নেন সাইবারি। এদিকে সাইবারির পরিবর্তে মাঠে নামতে পারেন সুফিয়ান রহিমি।
প্রসঙ্গত, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছেই ২-০ গোলে হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছিল মরক্কোকে। এবার সেই হারের প্রতিশোধ সুযোগ পাচ্ছে আটলাস লায়ন্সরা। বাংলাদেশ সময় রাত ২টায় এই ম্যাচ শুরু হবে।
এফআর/এসএন