ইয়ামালের জার্সি গায়ে গ্যালারিতে ২১ বছরের তরুণী, কাহিনী কি?
ছবি: সংগৃহীত
০১:০৯ পিএম | ০৯ জুলাই, ২০২৬
স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল মাঠে যেমন দুর্দান্ত, ব্যক্তিজীবন নিয়েও তেমনি আলোচনায় থাকেন। ১৯ বছরে পা দিতেই আবারও নতুন প্রেমের গুঞ্জনে শিরোনাম হয়েছেন বার্সেলোনার এই উইঙ্গার।
বিশ্বকাপে স্পেনের ম্যাচে গ্যালারিতে দেখা গেছে ২১ বছর বয়সী স্প্যানিশ মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়াকে। ডালাসে অনুষ্ঠিত স্পেন-পর্তুগাল ম্যাচে তিনি হাজির হন ইয়ামালের ১৯ নম্বর জার্সি পরে। গলায় ছিল একটি সোনার নেকলেস, যার লকেটে খোদাই করা ছিল ‘LRY’—যা লামিনে ইয়ামালকে ইঙ্গিত করছে বলে মনে করছেন অনেকে।
যদিও ইয়ামাল এখনও সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবে ইনেস সামাজিক মাধ্যমে দুজনের গ্রিসে ছুটি কাটানোর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ইনস্টাগ্রাম ও টিকটকে ফ্যাশন কনটেন্টের জন্য পরিচিত এই ইনফ্লুয়েন্সারের অনুসারী সংখ্যা ছয় লাখেরও বেশি।
স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনেস জানান, তাদের পরিচয়ের শুরুটা হয়েছিল একেবারেই সিনেমার গল্পের মতো। তার ভাষায়, বিমানবন্দরে ইয়ামালকে দেখে ইচ্ছাকৃতভাবে নিজের কাগজপত্র ফেলে দেন তিনি। ইয়ামাল সেগুলো কুড়িয়ে দিতে এগিয়ে আসেন। সেখান থেকেই শুরু হয় দুজনের কথাবার্তা, যা পরে ঘনিষ্ঠতায় রূপ নেয়।
এটাই অবশ্য ইয়ামালের প্রথম আলোচিত সম্পর্ক নয়। গত বছর তার নাম জড়িয়েছিল আর্জেন্টাইন র্যাপার নিকি নিকোল-এর সঙ্গে। জন্মদিনে নিকোলকে উদ্দেশ করে হার্ট ইমোজি পোস্ট করায় তখন আলোচনার জন্ম হয়েছিল।
এর আগে স্প্যানিশ ইনফ্লুয়েন্সার ফাতি ভাসকুয়েজ এবং মডেল ক্লদিয়া কালবোর সঙ্গেও ইয়ামালের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। এবার সেই তালিকায় যোগ হলো ইনেস গার্সিয়ার নাম।
তবে সম্পর্ক নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ইয়ামাল। ফলে নতুন এই প্রেমের গুঞ্জন কতটা সত্য, তা জানতে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।
এসএন