© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, টিকিট বিক্রি শুরু

শেয়ার করুন:
ঢাকায় গাইবেন আতিফ আসলাম, টিকিট বিক্রি শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৩ এএম | ১০ জুলাই, ২০২৬
ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টে অংশ নেবেন তিনি। এক ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেছেন আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই ৩০০ ফিটের ক্রিকেটারস একাডেমিতে আয়োজিত এ কনসার্টে আরও পারফর্ম করবেন বাংলাদেশের মেঘদল ও লেভেল ফাইভ।

আতিফ আসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘ঢাকা–জুলাই২৪,২০২৬’ সঙ্গে জুড়ে দিয়েছেন টিকিটের লিংক https://getmyticket.live/

ইতিমধ্যেই সব প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা জানিয়েছে, আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ। গতকাল বুধবার (৮ জুলাই) আয়োজনের ভেন্যু প্রকাশ ও https://getmyticket.live/ লিংকে টিকিট বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি। তিনটি ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট।

কনসার্টের দিন গেট ওপেন হবে দুপুর ২টায়, বন্ধ হবে সন্ধ্যা ৬টায়। আর আয়োজন বিকেল পাঁচটায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

মেইন স্টেজ থেকে কাজী রাফসান বলেন, ‘চলতি বছরের সবচেয়ে বড় আয়োজনের দাড়প্রান্থে আমরা। আমার পুরো টিম, শিল্পী থেকে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা আমাদের কথা রাখতে পেরেছি।’

তিনি আরও বলেন, গত বছর অনুষ্ঠানটি স্থগিত হওয়ার পর আমরা হাজারো দর্শকের কাছ থেকে একটি প্রশ্ন শুনেছি-‘শোটি কি আবার হবে?’ তখন আমরা বলেছিলাম, হ্যাঁ, আমরা ফিরে আসব। আমরা আনন্দের সঙ্গে বলতে পারি, সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করেছি। দীর্ঘ সময় ধরে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে আমরা প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন, অপেক্ষা করেছেন এবং বিশ্বাস করেছেন যে আমরা আমাদের কথা রাখব, তাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। গত বছরের অসমাপ্ত একটি অধ্যায়কে পূর্ণতা দিতেই আমরা আবারও এ আয়োজন নিয়ে ফিরছি। আমরা বিশ্বাস করি, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা এবং ভালোবাসার এক মিলনমেলা হয়ে উঠবে।



গত বছরের ১৩ ডিসেম্বর ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টটি হওয়ার কথা ছিল। আয়োজক প্রতিষ্ঠান সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল, টিকিট বিক্রি চলছিল পুরোদমে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। মেইন স্টেজ তখন জানিয়েছিল, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় কনসার্টটি স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি এও জানিয়েছিল, অনুষ্ঠানটি বাতিল নয়; বরং উপযুক্ত সময়ে আবার আয়োজন করা হবে। কথা রেখেছে আয়োজক প্রতিষ্ঠানটি।

এদিকে ২০২৫ সালের ‘মেইন স্টেজ শো’-এর জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার কোনো প্রয়োজন হবে না। তাদের শুধু mainstage.show ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত 'Re-Clam’ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই হোম ডেলিভারির মাধ্যমে তা পৌঁছে দেয়া হবে।

যারা টিকিট ফেরত দিয়ে রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনও রিফান্ড পাননি, তারাও চাইলে mainstage.show-এর মাধ্যমে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাই শেষে তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করে বিনামূল্যে পৌঁছে দেয়া হবে।

‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র মতো জনপ্রিয় গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও দারুণ জনপ্রিয় আতিফ আসলাম। আগেও বেশ কয়েকবার ঢাকা এসেছেন আতিফ।

একেএস/টিএ

মন্তব্য করুন