আর্জেন্টিনার কাছে হারের পরও ছাদখোলা বাসে সংবর্ধনা পেল মিশর
ছবি: সংগৃহীত
১০:২১ পিএম | ১০ জুলাই, ২০২৬
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনার কাছে হৃদয়ভাঙা হার। কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ছুঁয়েও শেষ পর্যন্ত তা অধরাই থেকে গেছে মিশরের। তবে বিদায় নিয়েও দেশের মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়নি মোহাম্মদ সালাহদের।
আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলের সেই রুদ্ধশ্বাস ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। ম্যাচ শেষে মিশরীয় শিবির থেকে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলা হয়। তবুও বিশ্বকাপে দলের ঐতিহাসিক পারফরম্যান্সে খুশি দেশটির সমর্থকরা।

টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর আজ দেশে ফিরেছেন সালাহরা। মিশরের উত্তরের উপকূলীয় শহর আল-আলামিনের আল-আলামিন আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে জড়ো হন শত শত সমর্থক।
বিমানবন্দরে পৌঁছানোর পর উচ্ছ্বসিত ভক্তদের ভালোবাসায় সিক্ত হন ফুটবলাররা। পরে একটি ছাদখোলা বাসে চড়ে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন তারা। বাসের ওপর দাঁড়িয়ে খেলোয়াড়রা হাত নাড়িয়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন।
বিশ্বকাপের ইতিহাসে এবারই অন্যতম সেরা আসর কাটিয়েছে মিশর। গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে জায়গা করে নেওয়ার পর শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছিল তারা। শেষ ষোলোর ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও লম্বা সময় এগিয়ে ছিল তারা। যদিও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে জয় ছিনিয়ে নেয় লিওনেল মেসির দল। তবুও দেশের মানুষের চোখে সালাহ ও তার সতীর্থরা পরাজিত নন। বিশ্বমঞ্চে সাহসী ও লড়াকু ফুটবল উপহার দিয়ে তারা ফিরেছেন জাতীয় বীরের মর্যাদা নিয়েই।
এমআর/টিকে