© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমরা ফ্রান্সকে ভয় পাই না, ওদেরই আমাদের পাওয়া উচিত: ইয়ামাল

শেয়ার করুন:
আমরা ফ্রান্সকে ভয় পাই না, ওদেরই আমাদের পাওয়া উচিত: ইয়ামাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৮ এএম | ১১ জুলাই, ২০২৬
বেলজিয়ামকে নাটকীয়ভাবে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পরই ফ্রান্সকে কড়া বার্তা দিলেন লামিন ইয়ামাল। স্পেনের এ তরুণ তারকার দাবি, ফ্রান্সকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বরং সাম্প্রতিক দুই দেখাতেই জেতা স্পেনকে নিয়েই চিন্তায় থাকা উচিত কিলিয়ান এমবাপ্পেদের।

লস অ্যাঞ্জেলেসে শনিবার (১১ জুলাই) মিকেল মেরিনোর ৮৮তম মিনিটের জয়সূচক গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে স্পেন। আগামী ১৫ জুলাই দিবাগত রাত ১টায় ডালাসে প্রথম সেমিফাইনালে ইউরোপীয় চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হবে বর্তমান বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্স।

ফ্রান্স টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে রয়েছে। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে তারা শেষ চার নিশ্চিত করেছে। তবে এসব কিছুই ভাবাচ্ছে না স্পেনের ১৮ বছর বয়সী তারকা লামিন ইয়ামালকে।



বেলজিয়ামের বিপক্ষে জয়ের পর ইয়ামাল বলেন, ‘আমরা শেষ চারে উঠতে পেরে খুবই খুশি। এই জয় আমাদের প্রাপ্য ছিল। পুরো ম্যাচে আমরাই অনেক ভালো খেলেছি।’

এরপরই আত্মবিশ্বাসী কণ্ঠে ফ্রান্সকে উদ্দেশ্য করে বলেন, ‘ফ্রান্সের আমাদের ভয় পাওয়া উচিত। আমরা তাদের দুইবার হারিয়েছি। তাদের আমরা মোটেও ভয় পাই না। আমার মনে হয়, এই মুহূর্তে বিশ্বের সেরা দুটি দলই মুখোমুখি হতে যাচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘সবাই আমাদের পেছনে। আমরা এখানে শিরোপা জিততেই এসেছি, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সাম্প্রতিক রেকর্ডের কথাও মনে করিয়ে দেন বার্সেলোনার এই উইঙ্গার। তিনি বলেন, ‘শেষ দুইবার আমরা ফ্রান্সকে হারিয়েছি। তাই আমাদের ভয় পাওয়ার কিছু নেই। সামনে দুটি সম্ভাবনা—হয় তারা টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠবে, নয়তো আমরা তাদের টানা তৃতীয়বার হারাব। কী হবে জানি না, তবে আমরা তাদের ভয় পাই না।’

অন্যদিকে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেও ফ্রান্সের শক্তি স্বীকার করলেও নিজের দলের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘এই বিশ্বকাপে সবচেয়ে ভালো ফুটবল খেলা দলগুলোর একটি ফ্রান্স। তবে তাদের হারানোর লক্ষ্য নিয়েই আমরা প্রস্তুতি নেব।’

দে লা ফুয়েন্তে আরও বলেন, ‘আমি মনে করি, তারাও আমাদের নিয়ে চিন্তায় থাকবে। কারণ আমরাই একমাত্র দল, যারা তাদের টানা দুইবার হারিয়েছি। তবে তৃতীয় ম্যাচটি ভিন্ন হবে। দুই অসাধারণ দলের মধ্যে দারুণ একটি লড়াই অপেক্ষা করছে।’

২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে টানা তৃতীয় বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। তাই ১৫ জুলাই ডালাসে দুই ইউরোপীয় পরাশক্তির লড়াই ঘিরে এখন থেকেই বাড়ছে উত্তেজনা।

এমআর/টিএ 

মন্তব্য করুন