ইরান আমাকে হত্যা করলে কী করতে হবে ‘নির্দেশনা দিয়ে রেখেছি’: ট্রাম্প
ছবি: সংগৃহীত
১১:১৪ এএম | ১১ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার নিজেকে ইরানের হিটলিস্টে এক নাম্বারে আছেন বলে দাবি করছেন। চলতি সপ্তাহেই অন্তত তিনবার ট্রাম্প নিজের মৃত্যু নিয়ে কথা বলেছেন। ইরানের হাতে নিহত হলে যুক্তরাষ্ট্রের করণীয় কী হবে, সেই নির্দেশনা ইতিমধ্যে দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরান সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা তৈরি করেছিল বলে ইসরায়েলের গোয়েন্দা তথ্যে দাবি করা হয়েছে। বিষয়টি সম্পর্কে জানেন, এমন দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি গোয়েন্দাদের এমন তথ্য সামনে আনার পর তিনি এ কথা জানলেন।
ইসরায়েলের পাঠানো এ নতুন সতর্কতা সম্পর্কেই শুক্রবার নিউইয়র্ক পোস্টের সাথে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ইরান তাকে গুপ্তহত্যা করলে কী করতে হবে, সে বিষয়ে তিনি ‘নির্দেশনা দিয়ে রেখেছেন’।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে কিছু ব্যানার ওড়ানো হয়েছিল। মূলত সেই প্রসঙ্গ টেনেই তিনি এ কথা বলেন।
মার্কিন ওই ট্যাবলয়েড পত্রিকাকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে এক নাম্বারে আছি (ইরানের হত্যার তালিকায়), আমাদের এই বিষয়টা সামলাতে হচ্ছে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘তবে মূল বিষয়টা হলো আমি নির্দেশনা দিয়ে রেখেছি—যদি আমার কিছু হয়, তবে তাদের ওপর এমন মাত্রায় বোমা ফেলা হবে, যা তারা আগে কখনো দেখেনি।’
ট্রাম্প আরও বলেন, তেহরান বহু বছর ধরেই আমাকে মেরে ফেলতে চাইছে। শেষে তিনি বলেন, ‘আমি আশা করি, আপনারা আমার শূন্যতা অনুভব করবেন।’
দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি যখন ভেঙে পড়ার আশঙ্কায়, ঠিক তখন ইহুদি রাষ্ট্রটির উগ্রপন্থী নেতানিয়াহু সরকারের এমন গোয়েন্দা দাবি দুই দেশের মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা যোগ করে। ইসরায়েলি দুটি সূত্র দাবি করেছে, এমন তথ্যটি চলতি সপ্তাহে এসেছে। অন্য একটি সূত্র বলেছে, ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রমাগত গোয়েন্দা তথ্য পাচ্ছিল। তবে ইসরায়েলের কাছ থেকে আসা এই দাবি নতুন।
তবে ইসরায়েলের সতর্কতাকে তেমন পাত্তা দেননি ট্রাম্প, ‘না, না। ইসরায়েল নতুন কিছুই পায়নি।’
এর আগে ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে আঙ্কারা থেকে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ’আমি মরলে আপনারাও মরবেন।’ তিনি সাংবাদিকদের পেশা বদলানোরও পরামর্শ দিয়েছিলেন।
বুধবার ন্যাটো শীর্ষ সম্মেলনের এক আয়োজনে বক্তব্য দেওয়ার সময়ও ট্রাম্প বলেছিলেন, ‘তাদের (ইরান) নেতারা চলে গেছে। তারপর তাদের আরেক দল নেতা এসেছে। তারাও চলে গেছে। এখন তাদের আরেক দল নেতা রয়েছে। কে জানে, তাদেরও হয়তো চলে যেতে হতে পারে।’
তিনি বলেন, আপনারা কি জানেন? আমিও চলে যেতে পারি। কারণ আমি তাদের এক নাম্বার লক্ষ্যবস্তু। এটি সর্বত্র ছড়িয়ে পড়েছে।’
ট্রাম্প বলেন, ‘আমি আজ সকালে একটি বিষয় দেখেছি যে, আমি তাদের প্রতিটি তালিকায় আছি। আর এখন পর্যন্ত, আমি মনে করি আমি কিছুটা ভাগ্যবান ছিলাম। তবে এটি হয়তো খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে।’
সূত্র: আল–জাজিরা
এমআর/টিএ