© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাইয়ের লড়াই এখনও চলছে, এটি শেষ হয়নি: সারজিস আলম

শেয়ার করুন:
জুলাইয়ের লড়াই এখনও চলছে, এটি শেষ হয়নি: সারজিস আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩১ পিএম | ১১ জুলাই, ২০২৬
জুলাইয়ের লড়াই এখনও চলছে, এটি শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এনসিপির সমাবেশে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, জুলাই আন্দোলন শেষ হলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার মতো ঘটনা ঘটতো না। এমনকি গণঅভুত্থ্যানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশে ফেরার কথা বলার সাহসও দেখাতে পারতেন না।

তিনি আরও বলেন, যেই রাজনৈতিক দল অন্য আরেকটি দেশের আশ্রয়ে আছে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি, আবার গনহত্যার ঘটনা ঘটিয়েছে, তারা এদেশে রাজনীতি করতে পারবে কিনা, সেই সিদ্ধান্ত সকলকে নিতে হবে। 

রাজনৈতিক নেতাদের আশ্রয়ে মাদক ব্যবসায়ীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন সারজিস। বলেন, যারা দিনের বেলায় মাদকের বিরুদ্ধে কথা তোলেন, কিন্তু রাতের আঁধারে এর ভাগ নেন, তারা নেতা হতে পারেন না।

তিনি আরও বলেন, যেই দলের কাছে বালুর টাকার গুরুত্ব একটি প্রজন্মের ভবিষ্যতের চেয়ে বেশি হয়, তাহলে সেই দলের সঙ্গে রাজনীতি করা সম্ভব নয়।

বস্তা পচা সিস্টেম ঠিক না হলে দেশের কোনো উন্নতি হবে না উল্লেখ করে সারজিস বলেন, আমরা যদি ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলতে পারি, তাহলে পাঁচ বছরের মধ্যেই দেশের উন্নতি সম্ভব।

এর আগে, বিকেল ৪টায় গোদাগাড়ীর ডাইংপাড়া মোড় থেকে এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়। পরে পদযাত্রাটি সমাবেশস্থলে এসে শেষ হয়।

কেএন/টিকে



মন্তব্য করুন