© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সান্ত্বনার জয়ে তানজিদ তামিমের আক্ষেপ

শেয়ার করুন:
সান্ত্বনার জয়ে তানজিদ তামিমের আক্ষেপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৬ পিএম | ১১ জুলাই, ২০২৬
আক্ষেপটা রয়েই গেল তানজিদ হাসান তামিমের। অপেক্ষা করেও যে সেঞ্চুরিটা করতে পারলেন না বাঁহাতি ওপেনার।

ওয়েলিংটন মাসাকাদজার করা ম্যাচের ৩৩তম ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ৯৪ রানে পৌঁছান তিনি।
তখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ৩ রান। তবে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির আশায় বাকি ৩ বল ডট দিলেন তানজিদ। অপেক্ষায় ছিলেন ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করার।

পরের ওভার মেডেন দিয়ে সেই সুযোগও করে দিলেন নাজমুল হোসেন শান্ত। তবে কাজে লাগাতে পারলেন না তানজিদ। আর্নেস্ট মাসুকুর প্রথম বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্রেইগ আরভিনের হাতে তালুবন্দি হলেন। তাতে ৮ চার ও ৩ ছক্কার ইনিংসটির ‘মৃত্যু’ ঘটে।

হতাশা নিয়েই তাই মাঠ ছাড়তে হলো তানজিদকে। বাঁহাতি ওপেনারের আক্ষেপের ম্যাচে অবশ্য সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ৭ উইকেটের জয়টি বাংলাদেশের ড্রেসিংরুমে এনে দিয়েছে স্বস্তি। কেননা আগের দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছে তারা। আজকের জয়টি তাই সান্ত্বনার।

হারারেতে আজ ২০০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। তানজিদ-সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিং একটা সময় ১০ উইকেটের জয় দেখছিল বাংলাদেশ। ব্যক্তিগত ৬৯ রানে সৌম্য বিদায় নেওয়ায় তা আর হয়নি। বাঁহাতি ওপেনারের ৬ চার ও ২ ছক্কার ইনিংস শেষ হতেই ভেঙে যায় ১৫১ রানের জুটিটি।

পরে আরও দুই উইকেট হারিয়ে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। ৮৪ বল হাতে রেখে পাওয়া জয়ে শান্ত অপরাজিত থাকেন ১৮ রানে। জিম্বাবুয়ের হয়ে ২টি উইকেট নেন মাসুকু।

এর আগে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়েকে অল্প রানেই আটকানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেটা হতে দেননি স্বাগতিকদের দুই হাফসেঞ্চুরিয়ান। ব্র্যাড ইভান্সের ৫০ রানের বিপরীতে ৭৫ রান করে দলকে দুই শ ছুঁই ছুঁই স্কোর এনে দেন ওয়েসলি মাধেভেরে। প্রতিপক্ষকে ১৯৯ রানে অলআউট করার পথে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন বাঁহাতি পেসার শরীফুল।

টিকে/

মন্তব্য করুন