হঠাৎ পদত্যাগ করলেন পাকিস্তান কোচ ম্যাকডারমট
ছবি: সংগৃহীত
১২:৩৩ এএম | ১২ জুলাই, ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ সফরের ঠিক আগে পাকিস্তান ক্রিকেট দলে বড় পরিবর্তন এসেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ফিল্ডিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ান কোচ শেন ম্যাকডারমট। তার পদত্যাগের কারণ এখনও প্রকাশ করা হয়নি। তবে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে এই সিদ্ধান্ত বিস্ময় তৈরি করেছে।
এক বছর আগে পাকিস্তানের সব সংস্করণের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ম্যাকডারমট। আগামী সেপ্টেম্বরে এশিয়ান গেমসে পাকিস্তান দলের সাপোর্ট স্টাফের সদস্য হিসেবেও তার থাকার কথা ছিল। কিন্তু তার আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এই কোচ।

ফিল্ডিং কোচ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাকডারমটের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। পাকিস্তানের দায়িত্ব নেওয়ার আগে তিন বছর বাংলাদেশ দলের সহকারী ফিল্ডিং কোচ এবং আরও তিন বছর শ্রীলঙ্কা দলের ফিল্ডিং কোচিং স্টাফের সদস্য হিসেবে কাজ করেছেন। ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই পাকিস্তানের সঙ্গে তার যাত্রা শুরু হয়। সে সময় তিনি মোহাম্মদ মাসরুরের স্থলাভিষিক্ত হন।
গত কয়েক বছরে পাকিস্তান ক্রিকেটে ফিল্ডিং কোচের পদে একাধিক পরিবর্তন এসেছে। মিকি আর্থারের প্রথম মেয়াদে প্রধান কোচ থাকাকালে স্টিভ রিক্সনের সঙ্গে গড়ে ওঠা জুটিতে পাকিস্তানের ফিল্ডিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল। ফিটনেস ও ফিল্ডিংকে তখন দলের পারফরম্যান্সের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।
তবে ২০১৮ সালে রিক্সন দায়িত্ব ছাড়ার পর সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেনি পাকিস্তান। এরপর গ্রান্ট ব্র্যাডবার্ন, আফতাব খান, আবদুল মাজিদ ও মোহাম্মদ মাসরুর বিভিন্ন সময়ে ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ম্যাকডারমটের সময়েও পাকিস্তানের ফিল্ডিং রিক্সনের সময়কার মানে না পৌঁছালেও অনুশীলনে নতুনত্ব দেখা যায়। বিশেষ করে হাই-ইনটেনসিটি ফিল্ডিং ড্রিল এবং অনুশীলন সেশনে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, যা খেলোয়াড়দের ফিটনেস ও ফিল্ডিং দক্ষতা উন্নয়নের প্রচেষ্টার অংশ ছিল।
এদিকে চলতি সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা দেবে পাকিস্তান দল। সেখানে একটি প্রস্তুতি ম্যাচের পাশাপাশি দুটি টেস্ট খেলবে তারা। তবে সফরের আগে ম্যাকডারমটের বিকল্প হিসেবে এখনও কোনো নতুন ফিল্ডিং কোচের নাম ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে দলটির নতুন ফিল্ডিং কোচ কে হবেন, সেটিই এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আরআই/টিএ