© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার

শেয়ার করুন:
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৫ এএম | ১২ জুলাই, ২০২৬
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাকি চমক দেখাতে প্রস্তুত সুইজারল্যান্ড? মাঠের লড়াই শুরু হওয়ার আগেই সম্ভাব্য ফল জানিয়ে দিয়েছে অপ্টার সুপার কম্পিউটার। তাহলে কোন দলের পাল্লা ভারি? বাংলাদেশ সময় রোববার (১১ জুলাই) সকাল ৭টায় কানসাস সিটিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুদল।
 
অপ্টার সবশেষ সুপার কম্পিউটার বিশ্লেষণে পরিষ্কারভাবেই এগিয়ে রাখা হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। হাজার হাজার সিমুলেশনের ভিত্তিতে করা পূর্বাভাসে লিওনেল মেসিদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৫৭.১ শতাংশ। অন্যদিকে সুইজারল্যান্ডের সরাসরি জয়ের সম্ভাবনা ১৮.৭ শতাংশ, আর নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৪.২ শতাংশ।


 
পরিসংখ্যানের দিক থেকে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও নকআউট ফুটবলে কোনো সমীকরণই শেষ কথা নয়। রাউন্ড অব সিক্সটিনে মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠলেও রক্ষণে কিছু দুর্বলতার ইঙ্গিত দিয়েছে লিওনেল স্কালোনির দল। সেই সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় থাকবে সুইসরা।
 
অন্যদিকে সুইজারল্যান্ড আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। তারা শেষ ষোলোতে শক্তিশালী কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়া দলটি এবার আরও বড় স্বপ্ন দেখছে।
 
এই ম্যাচে স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও তিনি দুর্দান্ত ছন্দে আছেন এবং নকআউট পর্বেও দলের আক্রমণের প্রধান ভরসা। তবে সুইসদের বিশ্বাস, শুধু মেসিকে আটকে রাখলেই হবে না; পুরো আর্জেন্টিনা দলকেই নিয়ন্ত্রণে রাখতে হবে।
 
ইতিহাসও কিছুটা আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোতে এই দুই দলের লড়াই গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। শেষ মুহূর্তে অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে ১-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এবারও দুই দলের লড়াই জমজমাট হওয়ার প্রত্যাশা করছেন ফুটবল বিশ্লেষকরা।
 
তবে পরিসংখ্যান কেবল সম্ভাবনার গল্প বলে, নিশ্চিত ফল নয়। মাঠের ৯০ মিনিট-অথবা প্রয়োজনে অতিরিক্ত সময় ও টাইব্রেকার—শেষেই মিলবে আসল উত্তর। অপ্টা আর্জেন্টিনাকেই এগিয়ে রাখলেও, বিশ্বকাপের নকআউট পর্বে এক মুহূর্তেই বদলে যেতে পারে সব হিসাব-নিকাশ। আর সেই অনিশ্চয়তাই আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াইকে করে তুলেছে এবারের কোয়ার্টার ফাইনালের অন্যতম আকর্ষণীয় ম্যাচ।

আরআই/টিএ

মন্তব্য করুন