© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসনাত আবদুল্লাহআইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে জনগণ আবারও আন্দোলনে নামবে

শেয়ার করুন:
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে জনগণ আবারও আন্দোলনে নামবে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৯ এএম | ১৫ জুলাই, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, শুধু সরকার বা চালক পরিবর্তন করলেই হবে না, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারও জরুরি। জনগণের বড় অংশ এ ধরনের সংস্কারের পক্ষে মত দিয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেটের সামনে জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপির দাবি শুধু সরকার পরিবর্তন নয়, বরং পুরো রাষ্ট্রব্যবস্থার সংস্কার। তিনি পুলিশকে নির্দলীয় ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে স্বাধীন গণমাধ্যম কমিশন ও সংবিধান সংস্কারের বিষয়েও সরকারের সমালোচনা করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি আরও নাজুক হয়েছে। থানায় হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাকে তিনি সরকারের ব্যর্থতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি হয়নি। কর্মসংস্থানের পরিবর্তে দেশে মাদক ও জুয়ার বিস্তার ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে জনগণ আবার আন্দোলনে নামবে।

এ সময় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, আবু বকর মজুমদার, মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং জেলা সদস্য সচিব আব্দুল আলীম। এছাড়াও দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন