প্রায় ৭০ শতাংশই স্ক্রিপ্টেড কপিল শর্মা শোয়ের!
ছবি: সংগৃহীত
০৪:৫৪ পিএম | ১৫ জুলাই, ২০২৬
ভারতের অন্যতম জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। কপিল শর্মা ও তাঁর টিমের তাৎক্ষণিক কৌতুক, সেলিব্রিটিদের সঙ্গে প্রাণবন্ত কথোপকথন এবং মঞ্চের হাস্যরসকে অনেকেই সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত বলে মনে করেন।
তবে পর্দার আড়ালের বাস্তবতা কিছুটা ভিন্ন। সেই শোয়ের দীর্ঘদিনের সদস্য কিকু শারদা জানিয়েছেন, অনুষ্ঠানটির প্রায় ৭০ শতাংশই আগে থেকে লেখা স্ক্রিপ্ট অনুযায়ী পরিচালিত হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিকু শারদা বলেন, পুরো অনুষ্ঠানের একটি নির্দিষ্ট কাঠামো থাকলেও সবকিছু শতভাগ পরিকল্পনা অনুযায়ী এগোয় না। বিশেষ করে সেলিব্রিটি অতিথিদের সঙ্গে কথোপকথনের সময় প্রায়ই তাৎক্ষণিকভাবে নতুন কৌতুক তৈরি করতে হয়।
অতিথিদের প্রতিক্রিয়া স্বাভাবিক রাখতেই অনেক বিষয় গোপন রাখা হয় বলে জানান কিকু। তিনি বলেন, ‘সত্যি করে বলতে, আমরা একদম আসল প্রতিক্রিয়া চাই। আমরা চাই না অতিথিরা পাঞ্চলাইন, কৌতুক বা চরিত্রগুলো সম্পর্কে আগেভাগে জেনে যাক। আমরা চাই তারা মঞ্চে প্রথমবার সেই চরিত্রগুলোর মুখোমুখি হোক, কারণ তখনই আমরা সবচেয়ে খাঁটি প্রতিক্রিয়া পাই।
তিনি আরো জানান, স্ক্রিপ্ট থাকলেও তা সবসময় হুবহু অনুসরণ করা সম্ভব হয় না। কিকুর কথায়, ‘মোটামুটিভাবে বলতে গেলে, একটি স্ক্রিপ্ট থাকে এবং আমরা তা অনুসরণও করি, তবে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত। মাঝে মাঝে স্ক্রিপ্ট ধরে রাখা অসম্ভব হয়ে পড়ে, কারণ কোনো তারকা হয়তো আলোচনাটিকে সম্পূর্ণ নতুন একটি দিকে নিয়ে যান। আবার কখনো কখনো সেই মুহূর্তে মাথায় অন্য কোনো চিন্তা চলে আসে এবং আমরা তাৎক্ষণিকভাবে সংলাপ বানিয়ে বলি। আমি বলব এটি মূলত ৭০-৩০ শতাংশের একটি ভাগ: প্রায় ৭০ ভাগ স্ক্রিপ্ট অনুযায়ী চলে, আর ৩০ ভাগ সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে আসে।’

সুপারস্টার সালমান খানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন কিকু। তিনি বলেন, ‘বিশেষ করে সালমান খানের ক্ষেত্রে, আপনি কখনোই জানতে পারবেন না কোন জিনিসে তিনি হেসে উঠবেন। মাঝে মাঝে আপনি হয়তো ভাবলেন, এই লাইনটা দারুণ মজার হবে, কিন্তু তিনি হয়তো তেমন কোনো প্রতিক্রিয়াই দেখালেন না। আবার মাঝখানে কেউ একজন সম্পূর্ণ অপ্রত্যাশিত কিছু একটা বলে ফেলল, আর তাতেই তিনি হেসে খুন। একবার তিনি হাসা শুরু করলে আর থামতেই পারেন না। চোখ দিয়ে পানি চলে আসে এবং তিনি হাসতেই থাকেন।’
মঞ্চে কোনো কৌতুক প্রত্যাশামতো কাজ না করলে সেটি সামাল দেওয়ার ক্ষেত্রে কপিল শর্মার দক্ষতারও প্রশংসা করেন কিকু। তিনি বলেন, ‘কপিল শর্মা এই পরিস্থিতিগুলো সামলানোর ক্ষেত্রে একজন ওস্তাদ। কোনো জিনিস কাজ করছে না, তা বুঝতে পারার এক অদ্ভুত সহজাত ক্ষমতা তার আছে। আমি সবসময়ই বলি যে, মাঝে মাঝে কোনো কৌতুক দারুণ জমে ওঠে, আবার মাঝে মাঝে তা একেবারেই জমে না। যখন কোনো কৌতুক কাজ করে না, তখন আপনি সেখানে কেবল দাঁড়িয়ে থেকে এমন ভান করতে পারেন না যে সবকিছু ঠিকঠাক চলছে।’
তিনি আরো যোগ করেন, ‘তোমাকে আগেই বলেছিলাম এটা কাজ করবে না,’ অথবা কপিল এমন একটি লাইন বলে দেন যা অভিনেতাকে স্বাভাবিকভাবে মঞ্চ থেকে বিদায় নেওয়ার সুযোগ করে দেয়। শো-টিকে কোনো রকম অস্বস্তি ছাড়াই তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ খুঁজে বের করেন। তিনি এই পরিস্থিতিগুলো খুব সুন্দরভাবে সামলান।’
দীর্ঘদিন একসঙ্গে কাজ করার ফলে দলের সদস্যদের মধ্যে বোঝাপড়াও অনেক বেড়েছে বলে জানান কিকু। বললেন, ‘দীর্ঘদিন একসাথে কাজ করার পর, আমরা এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছি, যেখানে আমরা প্রায় একে অপরের ভাবনায় কী চলছে তা বুঝতে পারি।’
উল্লেখ্য, ২০১৬ সালে সনি টেলিভিশনে যাত্রা শুরু করে ‘দ্য কপিল শর্মা শো’। পরবর্তীতে অনুষ্ঠানটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে স্থানান্তরিত হয় এবং এখনও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের মধ্যে সমান জনপ্রিয়তা ধরে রেখেছে।
এসএ/এসএন