মেসিদের ফাইনালে উল্লাসে শোবিজ, পরীমনির বিয়ে থেকে চঞ্চলের রসিকতা
ছবি: সংগৃহীত
০৩:৩৭ পিএম | ১৬ জুলাই, ২০২৬
ইংল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দলের এই জয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মতো উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনন্দন, রসিকতা আর উদযাপনের নানা পোস্ট।
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ম্যাচের আগে মজা করে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আরেকটা বিয়ে করে ফেলব ফাইনাল।’ ইংল্যান্ড বিদায় নেওয়ার পর হ্যারি কেইনকে উদ্দেশ করে আবারও রসিকতা করে লেখেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’ তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
অভিনেতা চঞ্চল চৌধুরীও জয় উদযাপনে যোগ দেন নিজের স্বভাবসুলভ রসবোধে। একটি ভাইরাল মিম শেয়ার করে তিনি লেখেন, ‘বিজয় উদযাপন পরে করো... যারা পরাজিত, তাদেরকে আগে সান্ত্বনা দাও।’ পোস্টটি ব্যাপক সাড়া ফেলে ভক্তদের মধ্যে।

অভিনেত্রী নাদিয়া আহমেদ আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করে লেখেন, ‘কোনো তাবিজ বা কুফা কাজ হবে না। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ভামোস আর্জেন্টিনা!’
সংগীতশিল্পী বালাম নিজের অনুভূতি প্রকাশ করে লেখেন, ‘অনেক দিন পর আজ এতটা আনন্দ অনুভব করছি।’ অভিনেত্রী শাহনাজ খুশীও লিখেছেন, ‘শত্রুর অভিশাপ-অপপ্রচার তুচ্ছ করে প্রিয় আর্জেন্টিনা ফাইনালে!’
আর্জেন্টিনার জয় উদযাপনে অভিনেতা রওনক হাসান বন্ধুদের জন্য ‘খিচুড়ি ভোজ’-এর ঘোষণা দেন। অন্যদিকে ব্রাজিল সমর্থকদের উদ্দেশে মজার ছলে অভিনেতা ইরফান সাজ্জাদ লেখেন, ‘তোমরা সবাই আবার ব্যাগ গুছাও, স্পেন যাওয়া লাগবে! আমরা আর্জেন্টিনাতেই আছি।’
অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন, ‘আর্জেন্টিনা তুমি একটা বিউটি।’ আর ফারজানা চুমকী শেষ মুহূর্তের দুর্দান্ত খেলায় মুগ্ধ হয়ে আর্জেন্টিনা দলকে অভিনন্দন জানিয়েছেন।
সুরকার জাহিদ প্রীতমও সামাজিক মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘অভূতপূর্ব কামব্যাক! স্রষ্টার মেসিকে নিয়ে প্ল্যান অন্য কিছু! শুভকামনা আর্জেন্টিনা সমর্থকদের জন্য।’
বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকাদের এমন উচ্ছ্বাস ও রসিকতায় ফুটবল উন্মাদনা যেন নতুন মাত্রা পেয়েছে।
এসএন