যৌন হয়রানির শিকার হয়েছিলেন সোহেল খান
ছবি: সংগৃহীত
০২:৫২ এএম | ১৭ জুলাই, ২০২৬
শৈশবে যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলিউড অভিনেতা সোহেল খান। দীর্ঘদিন বিষয়টি নিজের মধ্যে চেপে রাখার পর প্রাপ্তবয়স্ক হয়ে বাবার কাছে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন তিনি।
সম্প্রতি ‘অ্যালায়েন্স’ রিয়েলিটি শোর এক পর্বে এ কথা জানান সোহেল খান। বৃহস্পতিবার (১৬ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সন্তানদের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সোহেল বলেন, তিনি র্যাগিং ও বুলিংয়ের ঘোর বিরোধী। ছেলেরা কোনো সমস্যায় পড়লে বা কেউ তাদের অস্বস্তিতে ফেললে যেন নির্দ্বিধায় তাকে জানায়—সব সময় এ কথা বলেন তিনি।
সোহেল জানান, ছোটবেলায় ঘটে যাওয়া ওই ঘটনা তিনি বহু বছর কাউকে বলেননি। বড় হওয়ার পর বাবার কাছে গিয়ে বিষয়টি জানান। তখন নিজের মধ্যে লজ্জা ও সংকোচ কাজ করত বলেও জানান এই অভিনেতা।
তিনি বলেন, ‘ভুলটা আমার ছিল না।
কিন্তু তখন মনে হতো লজ্জাটা যেন আমারই।’
সোহেলের এই বক্তব্যের পর অনুষ্ঠানের অন্য প্রতিযোগীরা তার সাহসের প্রশংসা করেন।

এদিকে, অনুষ্ঠানে সাবেক স্ত্রী সীমা সাজদেহের সঙ্গেও সোহেলের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। ২০২২ সালে বিচ্ছেদ হলেও দুই ছেলে নির্বাণ ও ইয়োহানের দায়িত্ব একসঙ্গে পালন করছেন তারা।
শোতে সোহেল জানান, সীমার প্রতি তার ভালোবাসার চেয়েও এখন বেশি সম্মান রয়েছে।
তাদের সম্পর্কের দূরত্ব কমাতে এই অনুষ্ঠানও ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।
একেএস/টিএ