© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যাগ গোছাও স্পেন যেতে হবে, আমরা আর্জেন্টিনাতেই আছি: ইরফান সাজ্জাদ

শেয়ার করুন:
ব্যাগ গোছাও স্পেন যেতে হবে, আমরা আর্জেন্টিনাতেই আছি: ইরফান সাজ্জাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৭ এএম | ১৭ জুলাই, ২০২৬
ইংল্যান্ডকে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে উঠে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দলের এই জয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মতো উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

তাদেরই একজন অভিনেতা ইরফান সাজ্জাদ। সেমিফাইনাল জয়ের পর ব্রাজিল সমর্থকদের উদ্দেশে মজার খোঁচা দিয়ে সামাজিকমাধ্যমে দেওয়া তার পোস্ট এখন আলোচনায়।



ম্যাচ শেষ হওয়ার পর নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন ইরফান সাজ্জাদ। ভিডিওটির ক্যাপশনে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকদের উদ্দেশে তিনি লেখেন, ‘তোমরা সবাই আবার ব্যাগ গুছাও, স্পেন যাওয়া লাগবে! আমরা আর্জেন্টিনাতেই আছি।

তার এই মন্তব্য সামাজিকমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনা সমর্থকরা যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তেমনি ব্রাজিল সমর্থকদের অনেকেও মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছেন।

ফুটবল বিশ্বকাপ ঘিরে তারকাদের এমন বন্ধুত্বপূর্ণ খুনসুটি ভক্তদের কাছেও বেশ উপভোগ্য হয়ে উঠেছে।

তবে ম্যাচ-পরবর্তী উচ্ছ্বাসের আগেই আর্জেন্টিনার প্রতি নিজের অগাধ বিশ্বাসের কথা জানিয়েছিলেন ইরফান। সেমিফাইনালের আগে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি লেখেন, কাগজে-কলমে আর্জেন্টিনা কখনোই সবচেয়ে শক্তিশালী দল ছিল না। মেসি-ডি মারিয়া জুটি ফুটবলে নিজেদের নাম ছড়াতে পারলেও সেই অর্থে আর কোন বড় তারকা আর্জেন্টিনায় তৈরি হয়নি! এরপর শুরু হল স্কালোনি যুগ! 

তিনি লেখেন, ২০২২ বিশ্বকাপে কিছু সম্ভাবনাময় খেলোয়ার পেল যারা জীবন উজার করে বিশ্বকাপটা নিয়ে আসলো, শেষ হলো ৩৬ বছরের এক দীর্ঘ অপেক্ষা। ২০২১ থেকে যে জয়রথ শুরু হল সেটা এখনো পর্যন্ত চলমান। খুব শক্তিশালী না হয়েও একটা দল একের পর এক সব কিছু জয় করে যাচ্ছে এটাতো রাইভাল ফ্যানদের সহ্য হবার কথা না! বছরের পর বছর নিজেদের আবেগকে একীভূত করে যে দলটা একটা পরিবার হয়ে উঠেছে সে দলটা এত সহজে হার মানবে কীভাবে?

আর্জেন্টিনার ওপর ভরসার কথা জানিয়ে এই অভিনেতা আরো লেখেন, কাগজ-কলম সবসময় সঠিক হিসাব দেয় না। তাই আর্জেন্টিনার মত একটা ভঙ্গুর দল গত ৪ বিশ্বকাপের মধ্যেই তিনটাতেই সেমিফাইনাল খেলছে। কি এক অবিশ্বাস্য যাত্রা। মেসি বলেছে- এই দলটার উপর ভরসা রাখুন, আমরা আবারও ভরসা করতে চাই। হয়ে যাক আরও একটা ফাইনাল। 

এদিকে শিরোপা নির্ধারণী লড়াইয়ে আগামী ২০ জুলাই (বাংলাদেশ সময় সোমবার রাত ১টা) স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। মেসির আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে, আর স্পেন চাইবে আরো একটি বিশ্বকাপ শিরোপা নিজেদের ঘরে তুলতে। 

আরআই/ এসএন

মন্তব্য করুন