© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের ফাইনাল শেষেই রেহানের সিনেমার প্রচার শুরু

শেয়ার করুন:
বিশ্বকাপের ফাইনাল শেষেই রেহানের সিনেমার প্রচার শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৮ পিএম | ১৭ জুলাই, ২০২৬
ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে পথচলা শুরু হলেও এবার বড় পর্দায় নিজের নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন বর্তমান প্রজন্মের অভিনেতা ফররুখ আহমেদ রেহান। নাটকে অভিনয়ের পর এবার রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ চলচ্চিত্র দিয়ে সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। প্রথম চলচ্চিত্রকে ঘিরে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেতা।

জানা গেছে, ‘আন্ধার’ ছবির কিছু কাজ এখনো বাকি রয়েছে। খুব শিগগিরই সেই অংশের শুটিং শেষ করা হবে। এরপরই শুরু হবে ছবিটির প্রচারণা। রেহান জানিয়েছেন, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর থেকেই প্রচারণার কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।



তবে নিজের চরিত্র কিংবা ছবির গল্প নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন তিনি। বিষয়টি নিয়ে কৌতূহল থাকলেও আপাতত কোনো তথ্য প্রকাশ করতে চান না। তার ভাষায়, পরিচালক রায়হান রাফী একজন মেধাবী ও পরীক্ষিত নির্মাতা। তিনি বিশ্বাস করেন, নির্মাতা দর্শকদের জন্য ভালো একটি কাজই উপহার দিতে যাচ্ছেন এবং ‘আন্ধার’ সবার ভালো লাগবে।

প্রথম চলচ্চিত্রেই দেশের অনেক গুণী অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াকে নিজের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন রেহান। অভিনয়জগতে এখনো নিজেকে নতুন বলেই মনে করেন তিনি। তাই অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত শেখার চেষ্টা করছেন বলেও জানান এই অভিনেতা।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’। প্রথম চলচ্চিত্রের মাধ্যমে দর্শকের সামনে নিজেকে নতুনভাবে তুলে ধরতে মুখিয়ে আছেন ফররুখ আহমেদ রেহান। এখন সেই অপেক্ষা কেবল বড় পর্দায় তার অভিষেক দেখার।

এসএ/এসএন

মন্তব্য করুন