শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: সোনাম ওয়াংচুকের পক্ষে সরব বলিউড তারকারা
ছবি: সংগৃহীত
০৬:১০ পিএম | ১৭ জুলাই, ২০২৬
ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক। অনশনের ১৯তম দিনে তার প্রতি সমর্থন জানিয়েছেন বলিউডের একাধিক তারকা।
অভিনেতা ইমরান খান, ফাতিমা সানা শেখ ও সোনাক্ষী সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তারা শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের কাছে জবাবদিহি দাবি করেছেন।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ইমরান খান বলেন, এটি কোনো রাজনৈতিক বিতর্ক হওয়া উচিত নয়। যদি শিক্ষার্থীদের সততার সঙ্গে পরীক্ষা দিতে হয়, তাহলে পরীক্ষা পরিচালনাকারী সংস্থাগুলোকেও একই ধরনের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, লাখো শিক্ষার্থীর পরিশ্রম প্রশ্নফাঁসের ঘটনায় মূল্যহীন হয়ে গেছে। অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে, তাদের পাশে থাকার কথাও জানান তিনি।
অন্যদিকে ফাতিমা সানা শেখ সোনম ওয়াংচুকের অনশনকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের জন্য এত অবদান রাখা একজন মানুষকে নিজের কথা শোনাতে গিয়ে জীবনের ঝুঁকি নিতে হওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান হবে।
অভিনেত্রী সোনাক্ষী সিনহাও একটি ভিডিও বার্তায় সরকারের নীরবতার সমালোচনা করেন। তিনি বলেন, সোনম ওয়াংচুক দেশের শিশু ও তরুণদের ভবিষ্যতের জন্য অনশন করছেন। অথচ কেউ তার সঙ্গে আলোচনায় বসছে না। তিনি প্রশ্ন তোলেন, একজন মানুষের জীবন সংকটে পড়ার পরই কি সরকার ব্যবস্থা নেবে?
এর আগে শাবানা আজমি, জিনাত আমান, প্রকাশ রাজ, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনি রাজদান ও ওমি বৈদ্যসহ আরও কয়েকজন বলিউড তারকাও সোনম ওয়াংচুকের প্রতি সমর্থন জানিয়েছেন।
লাদাখের প্রকৌশলী, শিক্ষাবিদ ও উদ্ভাবক সোনাম ওয়াংচুক দিল্লির যন্তর-মন্তরে টানা ১৯ দিন ধরে অনশনে রয়েছেন। নিট-ইউজি প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি পালন করছেন তিনি।
এসএন