শুধু দুনিয়ার নয়, পরকালের সফলতার জন্য কাজ করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত
০৮:২৮ পিএম | ১৮ জুলাই, ২০২৬
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে মানবতার কল্যাণে কাজ করার জন্য তৈরি করেছেন। আল্লাহর গোলামী এবং দুনিয়ায় আল্লাহ প্রতিনিধিত্ব বা খেলাফতের দায়িত্ব পালন করার জন্য মানুষকে তৈরি করা হয়েছে। এ কাজ আঞ্জাম দিতে হলে সংগঠন প্রতিষ্ঠা করা প্রয়োজন।
শনিবার (১৮ জুলাই) শিক্ষাশিবিরের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের কাঙ্ক্ষিত মেজাজ নিয়ে দায়িত্ব পালন করতে হবে। এ সংগঠনের দায়িত্বশীলরা হলেন সংগঠনের নিউক্লিয়াস। শুধু দুনিয়ার সফলতা অর্জন নয়, বরং পরকালীন সফলতার জন্য আমাদের কাজ করে যেতে হবে; এটাই প্রতিটি দায়িত্বশীলের ব্যক্তিগত কাজ। আর দলগত কাজ হলো সমাজ এবং রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। আমাদের সাবেক দায়িত্বশীলরা এ ধরনের কাজ করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। আমাদেরও তাদের সেই পবিত্র পথ অনুসরণ করে দায়িত্ব পালন করে যেতে হবে।
সংগঠন পরিচালনায় আনুগত্য ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শ্রম, আরাম-আয়েশ, অর্থ ও মতের কুরবানি দিয়ে সংগঠনের প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়ন এবং জনশক্তি পরিচালনায় নিজেদের মডেল হিসেবে উপস্থাপন করতে হবে।
সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় তারবিয়াত বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুমের সভাপতিত্বে তিন দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক আলোচনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ড. ছামিউল হক ফারুকী ও প্রফেসর ড. আবদুস সামাদ।
শিক্ষাশিবিরে কুরআন, বইভিত্তিক এবং নির্ধারিত বিষয়ে ডেলিগেটরা গ্রুপ আলোচনায় অংশগ্রহণ করেন।
আরআই/টিকে