© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অর্ধশতাধিক পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন সালমান খান

শেয়ার করুন:
অর্ধশতাধিক পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন সালমান খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৭ এএম | ১৯ জুলাই, ২০২৬
বলিউড সুপারস্টার সালমান খান এবার আলোচনায় এলেন ভিন্ন এক কারণে। অভিনয়ের ব্যস্ততার মাঝেও সমাজসেবামূলক উদ্যোগে অংশ নিয়ে মুম্বাইয়ের বস্তি পুনর্বাসন প্রকল্পের ৫০টিরও বেশি সুবিধাভোগীর হাতে নতুন স্থায়ী বাড়ির চাবি তুলে দিয়েছেন তিনি।

শুক্রবার রাতে শুভেচ্ছা সফরে মুম্বাইয়ের বস্তি পুনর্বাসন কর্তৃপক্ষের (এসআরএ) কার্যালয়ে যান সালমান খান। সেখানে সংস্থাটির নতুন ডেটা সংগ্রহ ও যাচাইকরণ সহায়তা কেন্দ্র এবং আধুনিক আইটি সার্ভার রুমের উদ্বোধন করেন এই অভিনেতা।

এসআরএর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মহেন্দ্র কল্যাণকরের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে পুনর্বাসন প্রকল্পের ৫০ জনের বেশি উপকারভোগীর হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন সালমান। দীর্ঘ প্রতীক্ষার পর স্থায়ী আবাসনের চাবি পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সুবিধাভোগীরা।



অনুষ্ঠানে এসআরএর প্রকাশিত নতুন কফি টেবিল বুকেরও মোড়ক উন্মোচন করেন সালমান খান। বইটিতে সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সফল পুনর্বাসনের গল্প, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

এসআরএর দাবি, নতুন আইটি সার্ভার রুম চালু হওয়ার ফলে সংস্থাটির ডিজিটাল সেবা আরও নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর হবে। পাশাপাশি ই-গভর্ন্যান্স কার্যক্রমের গতি বাড়বে এবং নাগরিক সেবার মানও উন্নত হবে।

সফরকালে সালমান খানকে এসআরএর বিভিন্ন কার্যক্রম ও চলমান পুনর্বাসন প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। তিনি সংস্থাটির উদ্যোগের প্রশংসা করেন। আয়োজকদের মতে, তার উপস্থিতি আধুনিক ও জনবান্ধব পুনর্বাসন কার্যক্রমকে আরও উৎসাহিত করবে এবং সরকারের এই উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

এদিকে পেশাগত ব্যস্ততাও কম নয় সালমান খানের। বর্তমানে তিনি তার নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’র মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি আরও কয়েকটি নতুন প্রকল্প নিয়েও কাজ করছেন, যেগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আগামী কয়েক মাসের মধ্যে আসতে পারে।

এসএ/টিকে

মন্তব্য করুন