ফাইনালে মেসির দলকেই এগিয়ে রাখছেন জাহিদ হাসান
ছবি: সংগৃহীত
০৪:৫৫ পিএম | ১৯ জুলাই, ২০২৬
বিশ্বকাপ ফুটবলের মহারণ আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে যেমন উত্তেজনা বিরাজ করছে, তেমনি উচ্ছ্বসিত জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানও। তবে ফাইনালের ফল নিয়ে খুব বেশি আগাম মন্তব্য করতে না চাইলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনাকেই জয়ী হিসেবে দেখছেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাহিদ হাসান বলেন, দুই দলই দুর্দান্ত ছন্দে রয়েছে। তাই ম্যাচ শুরুর আগে নিশ্চিতভাবে কোনো দলকে এগিয়ে রাখা কঠিন। তবু অভিজ্ঞতা, দলগত সমন্বয় এবং বড় ম্যাচ খেলার মানসিকতায় আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকবে বলে তার বিশ্বাস।
অভিনেতার ভাষায়, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত বোঝাপড়া এবং বড় ম্যাচ খেলার মানসিকতা কিছুটা বাড়তি সুবিধা দেবে।’
জাহিদ হাসানের মতে, ফাইনাল সব সময়ই আলাদা ধরনের ম্যাচ। আগের পারফরম্যান্স বা পরিসংখ্যান সেখানে খুব বেশি গুরুত্ব পায় না। একটি ছোট ভুল কিংবা একটি মুহূর্তের সিদ্ধান্তই পুরো ম্যাচের ফল বদলে দিতে পারে।
তিনি বলেন, ‘ফাইনালে ছোট একটি ভুলও ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তাই আমি ভালো একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় আছি।’
সম্ভাব্য স্কোরলাইন নিয়েও নিজের ধারণা তুলে ধরেছেন এই অভিনেতা। তার মতে, আর্জেন্টিনা ১-০ গোলে জিততে পারে। আবার ম্যাচটি যদি আক্রমণাত্মক হয়ে ওঠে, তাহলে ৫-৪ গোলের রোমাঞ্চকর লড়াইও হতে পারে। তবে দুই ক্ষেত্রেই জয়ী হিসেবে তিনি আর্জেন্টিনাকেই দেখছেন।
ছোটবেলা থেকেই ফুটবলের ভক্ত জাহিদ হাসান। বিশ্বকাপ এলেই খেলা দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার খেলায় মুগ্ধ হয়েই আর্জেন্টিনার সমর্থক হয়ে ওঠেন। এখন সেই ভালোবাসার কেন্দ্রবিন্দু লিওনেল মেসি।
ফাইনালে মেসির গোল করা নিয়ে প্রশ্ন উঠলে জাহিদ হাসান বলেন, ‘মেসিকে দিয়ে গোল করানোর চেয়ে সবাই চাইবে দলকে জেতাতে। হয়তো মেসি কোনো গোল না-ও করতে পারে। কিন্তু দল জিতলেই সেটাই হবে সবচেয়ে বড় বিষয়।’
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্সে সন্তুষ্ট এই অভিনেতা। তার মতে, মেসি প্রত্যাশার চেয়েও ভালো খেলছেন এবং পুরো দল দারুণ ছন্দে রয়েছে। তাই শিরোপা জয়ের সম্ভাবনাও আর্জেন্টিনার পক্ষেই বেশি।
এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। জাহিদ হাসানের ভবিষ্যদ্বাণী সত্যি হবে, নাকি স্পেন চমক দেখিয়ে শিরোপা ঘরে তুলবে-তার উত্তর মিলবে আজ রাতের ফাইনালেই।
এসএন