© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোনম ওয়াংচুককে নিয়ে প্রশ্নে অপ্রস্তুত মান্নারা চোপড়া, এড়িয়ে গেলেন ‘নো কমেন্ট’ বলে

শেয়ার করুন:
সোনম ওয়াংচুককে নিয়ে প্রশ্নে অপ্রস্তুত মান্নারা চোপড়া, এড়িয়ে গেলেন ‘নো কমেন্ট’ বলে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৬ পিএম | ১৯ জুলাই, ২০২৬
পরিবেশকর্মী, শিক্ষাবিদ ও ‘বাস্তবের র‍্যাঞ্চো’ নামে পরিচিত সোনম ওয়াংচুকের অনশন ঘিরে যখন ভারতজুড়ে আলোচনা চলছে, তখন তাকে নিয়ে প্রশ্নের মুখে অপ্রস্তুত হয়ে পড়েছেন অভিনেত্রী মান্নারা চোপড়া। বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সম্প্রতি গোয়ায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন ও ‘বিগ বস ১৭’-খ্যাত এই অভিনেত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা সোনম ওয়াংচুকের চলমান অনশন ও তা নিয়ে অভিনেতা আমির খানের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে প্রথমেই তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

এরপর আমির খানের বক্তব্যকে সমর্থন করেন কি না জানতে চাইলে আরও বিভ্রান্ত হয়ে পড়েন মান্নারা। পাশেই থাকা অভিনেতা শিব ঠাকরের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড নীরব থাকার পর তিনি বলেন, ‘কী? আমি জানি না, দুঃখিত।’ এরপর আর কোনো মন্তব্য না করে সেখান থেকে চলে যান।

মান্নারার এই প্রতিক্রিয়ার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। অনেকেই সমসাময়িক একটি বহুল আলোচিত বিষয় সম্পর্কে তার অজ্ঞতা নিয়ে সমালোচনা করছেন, আবার কেউ কেউ মনে করছেন, বিতর্ক এড়াতেই তিনি মন্তব্য করতে চাননি।

উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। অনশনের ২১তম দিনে পুলিশ তাকে যন্তরমন্তর থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বলিউডের বেশ কয়েকজন তারকাও প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছেন।

এর আগে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে অভিনেতা আমির খান বলেন, ‘থ্রি ইডিয়টস’ নির্মাণের সময় পরিচালক রাজকুমার হিরানি বা লেখক অভিজাত জোশী সোনম ওয়াংচুক সম্পর্কে জানতেন না। এই মন্তব্য নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি হয়। যদিও সোনম ওয়াংচুক নিজেকে ‘থ্রি ইডিয়টস’-এর মূল চরিত্রের অনুপ্রেরণা হিসেবে দাবি করে আসছেন।

এসএন 

মন্তব্য করুন