© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেট্রোরেলে ইয়ারফোন ছাড়া গান শুনলে জরিমানা আড়াই হাজার রুপি

শেয়ার করুন:
মেট্রোরেলে ইয়ারফোন ছাড়া গান শুনলে জরিমানা আড়াই হাজার রুপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৫ পিএম | ১৯ জুলাই, ২০২৬
চেন্নাই মেট্রো রেল লিমিটেড (সিএমআরএল) ট্রেন ও স্টেশন চত্বরে গান বা ভিডিও চালানোর সময় যাত্রীদের ইয়ারফোন ব্যবহার করার আহ্বান জানিয়েছে। নতুন নিয়ম না মানলে সর্বোচ্চ ২,৫০০ রুপি পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করা, শব্দদূষণ কমানো এবং অন্যদের বিরক্তি এড়াতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

সিএমআরএল এক বিবৃতিতে বলেছে, ‘সহযাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে মেট্রোতে হেডফোন ব্যবহার করুন, স্পিকার মোড এড়িয়ে চলুন এবং উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকুন।’

২০২৬ সালের ১৯ জুন প্রকাশিত ভারতের আবাসন ও নগরবিষয়ক মন্ত্রণালয়ের গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়, জন বিশ্বাস আইন, ২০২৬-এর আওতায় সংশোধনের পর মেট্রো রেলওয়ে (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) আইন, ২০০২-এর ৫৯ ধারার জরিমানার বিধান পরিবর্তন করা হয়েছে।

আইনটির ৫৯ ধারা অনুযায়ী, এমন কোনো কাজ যা সহযাত্রীদের অসুবিধা বা বিরক্তির কারণ হয় কিংবা যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটায়, তা দণ্ডনীয় অপরাধ। এর মধ্যে রয়েছে মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলা, ইয়ারফোন ছাড়া গান বা ভিডিও চালানো এবং মেট্রো ট্রেন বা স্টেশন এলাকায় স্পিকার মোড ব্যবহার করা।

সিএমআরএল জানায়, মন্ত্রণালয়ের ১৯ জুন ২০২৬ সালের গেজেট অনুযায়ী, জনদুর্ভোগ সৃষ্টি করলে—যেমন ইয়ারফোন ছাড়া গান শোনা—আগের ৫০০ রুপির পরিবর্তে এখন সর্বোচ্চ ২,৫০০ রুপি পর্যন্ত জরিমানা করা যাবে। প্রয়োজনে অনুমোদিত কর্মকর্তারা ওই যাত্রীকে মেট্রো প্রাঙ্গণ থেকেও সরিয়ে দিতে পারবেন।

গত মাসে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ ভ্রমণ নিশ্চিত করতে এবং যাত্রীসেবা আরও উন্নত করতে সচেতনতামূলক প্রচারণা চালায় সিএমআরএল। এতে ট্রেনে ওঠার আগে যাত্রীদের নামতে দেয়া, দরজা আটকে না রাখা, প্ল্যাটফর্মে অপেক্ষার সময় হলুদ রেখা অতিক্রম না করা, এস্কেলেটরে ‘স্ট্যান্ড লেফট, ওয়াক রাইট নিয়ম’ মেনে চলা এবং ব্যক্তিগত অডিও-ভিডিও উপভোগের জন্য হেডফোন ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হয়।

এসএন 

মন্তব্য করুন