আমাদেরকে অনেক লোভ দেওয়া হয়েছে, সব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি: জামায়াত আমির
ছবি: সংগৃহীত
০৮:৪৩ পিএম | ১৯ জুলাই, ২০২৬
আমাদেরকে অনেক লোভ দেওয়া হয়েছে, সবগুলা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, আমরা জনগণের সাথে বেইমানি করব না। জুলাইতে যারা নিহত হয়েছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে হবে। শুধু কয়টা টাকা দিয়ে পরিবারকে নয়, তাদের স্মৃতিকে জাতির সামনে তুলে ধরতে হবে।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সংস্কার ও জুলাই সনদের পক্ষে অবস্থান নিলেও নির্বাচনের পর সরকার সেসব প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হচ্ছে না বলে দাবি করেন তিনি।
এদিকে, বিশ্ববিদ্যালয়গুলোতে অতীতের গণরুম ও গেস্টরুম সংস্কৃতি আর ফিরতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
এমআই/টিএ