© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘রামায়ণ’-এর জন্য রণবীর-সাইকে কেন বেছে নিলেন? জানালে নির্মাতা নিতেশ

শেয়ার করুন:
‘রামায়ণ’-এর জন্য রণবীর-সাইকে কেন বেছে নিলেন? জানালে নির্মাতা নিতেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৫ পিএম | ১৯ জুলাই, ২০২৬
ভারতের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছেই। বিশাল বাজেট, তারকাবহুল কাস্টিং এবং আন্তর্জাতিক মানের নির্মাণের পাশাপাশি এবার আলোচনায় এসেছে সিনেমাটির অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—রাম ও সীতার চরিত্রে কেন বেছে নেওয়া হলো রণবীর কাপুর ও সাই পল্লবীকে।

শনিবার নয়াদিল্লিতে আয়োজিত ‘রামায়ণ: দ্য ফার্স্ট সংকল্প’ অনুষ্ঠানে এ বিষয়ে মুখ খোলেন পরিচালক নিতেশ তিওয়ারি। তার ভাষায়, একজন অভিনেতার চোখই বলে দেয় তিনি চরিত্রটির জন্য কতটা উপযুক্ত।

নিতেশ বলেন, ‘একজন শিল্পীর চোখ কখনো মিথ্যা বলে না। আমি রণবীরের চোখে ভগবান রামকে দেখেছি, আর সাই পল্লবীর চোখে দেখেছি দেবী সীতাকে। তাদের চোখে আমি সত্য দেখতে পাই।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, সানি দেওল, রাকুল প্রীত সিং, রাভি দুবে, বিবেক ওবেরয়, অরুণ গোভিলসহ ছবির প্রায় পুরো তারকাবহর। সেখানে সিনেমার ভিজ্যুয়াল কনসেপ্ট ও চরিত্রগুলোর প্রথম ঝলকও দেখানো হয় নির্বাচিত অতিথিদের।

চোখে সংক্রমণের কারণে কালো সানগ্লাস পরে অনুষ্ঠানে হাজির হন রণবীর কাপুর। তিনি বলেন, ‘আমার মনে হয়, ভগবান রামের চরিত্রটাই আমাকে বেছে নিয়েছে।’

রামানন্দ সাগরের জনপ্রিয় ‘রামায়ণ’ সিরিজে রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে রণবীর বলেন, ছোটবেলা থেকেই তাকে দেখে বড় হয়েছেন তিনি। পর্দায় যদি অরুণ গোভিলের অভিনয়ের সামান্য অংশও তুলে ধরতে পারেন, তবেই নিজের পরিশ্রমকে সার্থক মনে করবেন।

অন্যদিকে সাই পল্লবী বলেন, সীতার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তার অভিনয়জীবনের সবচেয়ে সম্মানজনক এবং একই সঙ্গে সবচেয়ে কঠিন অভিজ্ঞতাগুলোর একটি। তার ভাষায়, ‘পর্দায় কোনো দেবীর চরিত্র ফুটিয়ে তোলা একজন অভিনেতার জন্য বিশাল দায়িত্ব।’

এদিকে রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার যশ এবং হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। অনুষ্ঠানে সানি জানান, চরিত্রটির শুটিং তিনি মাত্র শুরু করেছেন। দ্বিতীয় পর্বে হনুমানের উপস্থিতি আরও বিস্তৃত হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

প্রযোজক নমিত মালহোত্রা জানান, প্রায় এক দশকের প্রস্তুতির পর নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। প্রায় ১০ হাজার মানুষের শ্রমে তৈরি হওয়া এই মেগা প্রজেক্টের ট্রেলার আগামী ২৪ জুলাই বিশ্বজুড়ে একযোগে প্রকাশ করা হবে। নির্মাতাদের দাবি, ভারতীয় সিনেমায় এর আগে এত বড় পরিসরে ‘রামায়ণ’ উপস্থাপনের চেষ্টা কখনো হয়নি।

এসএন 

মন্তব্য করুন