নিবন্ধন পেল বাংলা পোস্ট
ছবি: সংগৃহীত
১০:৫৮ পিএম | ২০ জুলাই, ২০২৬
নিবন্ধন পেল শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলা পোস্ট ডটকম। সোমবার (২০ জুলাই) তথ্য অধিদফতর পোর্টালটিকে নিবন্ধন সনদ দেয়।
এর আগে সরকারি সংস্থার যাচাই-বাছাই শেষে বাংলা পোস্টকে নিবন্ধন দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য অধিদপ্তরের কাছে চিঠি পাঠানো হয়। সরকার নির্ধারিত ফি জমা দেয়ার পর নিবন্ধন সনদ ইস্যু করেছে তথ্য অধিদফতর।
বাংলা পোষ্টের সম্পাদক মাসউদুল হক এক প্রতিক্রিয়ায় বলেন, 'অনলাইন নিউজ পোর্টাল হিসেবে সরকারি নিবন্ধন পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের একটি মাইলফলক। অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছি, যা আমাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।'
তিনি বলেন, 'এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা বস্তুনিষ্ঠ, নির্ভুল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি পাঠকের বিশ্বাস অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।'
'শুধু সংবাদ প্রকাশেই নয়, মাল্টিমিডিয়া সাংবাদিকতায়ও আধুনিক ও মানসম্মত কনটেন্ট তৈরির মাধ্যমে এগিয়ে থাকতে চাই। সত্য, বিশ্বাসযোগ্যতা এবং প্রযুক্তিনির্ভর উপস্থাপনাকে সমান গুরুত্ব দিয়ে আমরা পাঠকের পাশে থাকার অঙ্গীকার করছি' বলেন সম্পাদক মাসউদুল হক।
নির্ভীক অনুসন্ধানী সাংবাদিকতার অঙ্গীকার আর আধুনিক প্রযুক্তির সর্বাধিক ব্যবহার করে বাংলা পোস্ট ২০২৪ সালের ২৭ এপ্রিল পরীক্ষামূলক যাত্রা শুরু করে। মাল্টিমিডিয়া এই পোর্টালে রয়েছে দেশ-বিদেশের প্রতি মুহূর্তের সংবাদ। আছে বিশেষ প্রতিবেদন, বিনোদন, খেলাধুলা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প-সংস্কৃতিসহ নানা আয়োজন। সংবাদের পাশাপাশি লাইভ কাভারেজ, ভিডিও কনটেন্ট ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে মাল্টিমিডিয়া সাংবাদিকতায়ও গ্রহণযোগ্যতা তৈরি করেছে বাংলা পোস্ট।
দুই বছরে সংবাদের বস্তুনিষ্ঠতায় বাংলা পোস্ট ছিল অবিচল। এর প্রতিদানও পাঠক ও বোদ্ধা মহল দিয়েছেন। শুধু জনপ্রিয়তা নয় এখন আস্থার শক্ত ভীতের ওপর ধীরে ধীরে দাঁড়াচ্ছে পোর্টালটি।
বাংলা পোষ্টের অর্থায়নে রয়েছে মেহনুর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেহনুর প্রোপার্টিস লিমিটেড (এমপিএল)।
এমআর/টিএ