ওরে নিয়ে আমি একবারই এসেছি: ভিডিওতে স্বীকার করলেন এমপি নজরুল
ছবি: সংগৃহীত
০৬:০২ পিএম | ২১ জুলাই, ২০২৬
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নতুন ছড়িয়ে পড়া এই ভিডিওতে তাকে এক তরুণীর সঙ্গে কথা বলতে ও অন্যায় স্বীকার করতে দেখা যায়।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৭ সেকেন্ডের এই ভিডিওতে এমপি নজরুলের কাছে জানতে চাওয়া হয়, তিনি ওই তরুণীকে কতদিন এনেছেন? উত্তরে তাকে বলতে শোনা যায়, “বিশ্বাস করেন, একবার। ওরে নিয়ে আমি একবারই এসেছি।” একই সময় তিনি জামায়াত নেতা হয়েও এমন কাজ করা অন্যায় হয়েছে বলে স্বীকার করেন।
ভিডিওটিতে পাশে থাকা তরুণীকে নাম জিজ্ঞেস করা হলে তিনি প্রথমে তা বলতে চাননি। পরবর্তীতে বারবার জিজ্ঞাসার পর তিনি নিজের নাম জানান এবং ভিডিওটি মুছে ফেলার অনুরোধ করেন। তবে নিজের বাসার ঠিকানা জানতে চাইলে তিনি চুপ থাকেন।
এর আগে সোমবার রাতেও উক্ত তরুণীর সঙ্গে তার একটি ‘ব্যক্তিগত’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। সে সময় জেলা জামায়াত এবং পরবর্তীতে এমপি নজরুল তার ফেসবুক পোস্টে দাবি করেন, ভিডিওর ওই তরুণী তার ‘দ্বিতীয় স্ত্রী’।
জামায়াতের জেলা সেক্রেটারি ও দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ভিডিওতে দেখা যাওয়া তরুণী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তিনি দাবি করেন, প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এ বিয়ে হয়েছে।
মাওলানা আজিজুর রহমান বলেন, এমপি সাহেব আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। ভিডিওটি কীভাবে প্রকাশ পেয়েছে, সেটি আমরা খতিয়ে দেখছি।
দ্বিতীয় বিয়ের সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিয়ের সুনির্দিষ্ট তারিখ তার জানা নেই। তবে বেশ কিছুদিন আগে বিয়েটি সম্পন্ন হয়েছে বলে তিনি জেনেছেন।
এদিকে ভিডিওটির সত্যতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। তথ্য যাচাই-সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, ভিডিওটিতে এআই প্রযুক্তি ব্যবহারের সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। তবে ভিডিওটির উৎস, ধারণস্থল এবং সম্পূর্ণ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওতে দেখা যাওয়া তরুণীর বয়স নিয়েও আলোচনা শুরু হয়েছে। একটি গণমাধ্যমের হাতে আসা বায়োডাটার তথ্য অনুযায়ী, বর্তমানে তার বয়স প্রায় ১৮ বছর ২ মাস। তবে ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিডিওটি প্রকাশের পর এআই দাবি এবং পরে দ্বিতীয় স্ত্রীর বিষয়টি স্বীকার করার ঘটনায় জনমনে নতুন প্রশ্নের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ভিডিওটি প্রকাশের পেছনে কোনো ষড়যন্ত্র, ব্যক্তিগত বিরোধ বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, সেটিও আলোচনায় এসেছে।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা শাখার সাবেক আমির গাজী নজরুল ইসলাম।
টিকে/