© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আটক রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী, থানায় সোনিয়া গান্ধী

শেয়ার করুন:
আটক রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী, থানায় সোনিয়া গান্ধী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৭ পিএম | ২১ জুলাই, ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন এলাকা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও সমাজবাদী পার্টির অখিলেশ যাদবসহ কয়েকজন রাজনৈতিক নেতাকে আটক করেছে দিল্লির পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে জড়ো হওয়ার পর ওই নেতাদের আটক করা হয়। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রাহুল গান্ধীকে প্রায় ‘চ্যাংদোলা’ করে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ।

দ্য হিন্দু জানায়, লোক কল্যাণ মার্গ থেকে আটক হওয়া বিরোধী দলের কয়েকজন নেতাকে ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। দিল্লি পুলিশের হেফাজতে ছত্রসাল স্টেডিয়ামে নেয়া ওই নেতাদের মধ্যে রাহুল গান্ধীও রয়েছেন।

এ দিকে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী মন্দির মার্গ থানায় পৌঁছেছেন। প্রিয়াঙ্কা গান্ধীকে ওই থানাতেই আটক রাখা হয়েছে।

ছত্রসাল স্টেডিয়ামের ভেতর থেকে কংগ্রেস সাংসদ হিবি ইডেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। দুর্ভাগ্যজনকভাবে ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করেছে। এমনকি নারী সংসদ সদস্যরাও আহত হয়েছেন। এটি পুলিশের অত্যন্ত নির্মম ও উসকানিমূলক পদক্ষেপ। ডেপুটি কমিশনার এবং একদল ‘গুন্ডা’ জোরপূর্বক আমাদের সরিয়ে দিয়েছে।’

প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছ থেকে বিরোধী নেতাদের জোরপূর্বক আটক করার পর লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে দিল্লির মডেল টাউনের ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে গেছে পুলিশ। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে নিয়ে যাওয়া হয়েছে মন্দির মার্গ থানায়। এছাড়া অন্যান্য কয়েকজন সাংসদকে কিংসওয়ে ক্যাম্প এলাকায় রাখা হয়েছে।

টিএ/

মন্তব্য করুন