© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে আতঙ্কিত কঙ্গনা

শেয়ার করুন:
দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে আতঙ্কিত কঙ্গনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩০ পিএম | ২২ জুলাই, ২০২৬
ভারতের রাজধানী দিল্লিতে যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে আতঙ্কিত হয়ে পড়েন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। আন্দোলনকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে নিরাপত্তাজনিত কারণে ভবনের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় দিল্লি পুলিশকে ধন্যবাদ জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত সোমবার যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করে ‘সিজেপি’। এতে কয়েক হাজার শিক্ষার্থী ও সমর্থক অংশ নেন। বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনের অনেকেই পুলিশের পদক্ষেপের সমালোচনা করলেও কঙ্গনা রানাওয়াত ভিন্ন অবস্থান নেন।

কঙ্গনার দাবি, সংসদের অধিবেশন চলাকালে আন্দোলনকারীরা ভবনের কাছাকাছি পৌঁছে গেলে নিরাপত্তার স্বার্থে সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। সে সময় প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদেরা সংসদ ভবনের ভেতরে অবস্থান করছিলেন।

বাইরে উত্তপ্ত পরিস্থিতি এবং নিরাপত্তাকর্মীদের তৎপরতায় ভেতরে উদ্বেগের পরিবেশ তৈরি হয় বলেও জানান তিনি।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কঙ্গনা বলেন, ‘আমরা সব সাংসদ তখন সংসদকক্ষের ভিতরে ছিলাম। সবাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম এই ভেবে যে, উন্মত্ত জনতা হয়তো আমাদের ওপর হামলা চালাবে। দিল্লি পুলিশ সেদিন ঢাল হয়ে আমাদের রক্ষা করেছে।’

তিনি আরো বলেন, এ ধরনের আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি গ্রহণযোগ্য নয়।

নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে কঙ্গনা বলেন, ‘ধীরে ধীরে সবাই বিজেপি এবং সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবেন। কারণ, এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি। বাকি সবই বাইরে থেকে ধার করা।’

উল্লেখ্য, যন্তর মন্তরের ওই বিক্ষোভ কর্মসূচি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে আয়োজন করা হয়। আন্দোলনকারীদের সংসদ অভিমুখে অগ্রযাত্রাকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

কেএন/এসএন

মন্তব্য করুন