কেন বিশ্বকাপ ফাইনাল বাতিল চাইলেন পরীমনি?
ছবি: সংগৃহীত
০২:৩৭ পিএম | ২২ জুলাই, ২০২৬
ফুটবল বিশ্বকাপজুড়ে প্রিয় দল আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। দলের প্রতিটি জয় যেমন উদ্যাপন করেছেন, তেমনি ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পরও ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ফাইনালের পর মজার ছলে পরীমনি লিখেছিলেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’
তার সেই মন্তব্য মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।
এরই ধারাবাহিকতায় বুধবার (২২ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও একটি পোস্ট দেন এই অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘ফাইনালডাও বাতিল কইরা দে ভাই।’
পোস্টটির সঙ্গে একটি ছবিও শেয়ার করেন, যেখানে লেখা ছিলো, ‘পারেদেসের লাল কার্ড ‘বাতিল’ করলো ফিফা।’ মূলত সেই খবরকে ঘিরেই হাস্যরসাত্মক ভঙ্গিতে এমন মন্তব্য করেন তিনি।
বিশ্বকাপের পুরো আসরেই আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার কথা বিভিন্ন সময় প্রকাশ করেছেন পরীমনি। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও প্রকাশ করেছেন, আবার কখনো ফুটবল জাদুকর লিওনেল মেসিকে নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
এর আগে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে দেওয়া পরীমনির একটি পোস্টও ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেখানে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’
মজার ছলে দেওয়া সেই ঘোষণাটি দ্রুত ভাইরাল হয়। কয়েক লাখ প্রতিক্রিয়া, হাজারো মন্তব্য ও শেয়ারের মাধ্যমে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে।
শেষ পর্যন্ত আর্জেন্টিনা শিরোপা জিততে না পারায় সেই ‘বিয়ের পরিকল্পনাও’ আর বাস্তবায়ন হলো না। আর ফাইনাল-পরবর্তী পরীমনির নতুন পোস্টও ভক্তদের মধ্যে হাস্যরসের খোরাক জুগিয়েছে।
এসএন