নদীর পাড়ে দেব-শুভশ্রী, ভাইরাল ‘দেশু ৭’-এর শুটিং ভিডিও
ছবি: সংগৃহীত
০৩:০৬ পিএম | ২৩ জুলাই, ২০২৬
দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে দেব ও শুভশ্রী গাঙ্গুলির জুটির সপ্তম সিনেমা ‘দেশু ৭’। ছবিটির শুটিং এখন পুরোদমে চলছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সিনেমাটির শুটিং সেটের একটি ভিডিও, যা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, নদীর পাড়ের নির্জন একটি স্থানে পাশাপাশি দাঁড়িয়ে আছেন দেব ও শুভশ্রী। শুভশ্রীর পরনে কালো সিল্কের শাড়ি, আর দেবের হাতে একটি চায়ের কাপ। পাশে রাখা একটি গাড়িকে ঘিরে দুজনকে কথোপকথনে মগ্ন দেখা যায়। দৃশ্যটির প্রেক্ষাপট বা সংলাপ জানা না গেলেও এটি সিনেমার গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে বলে ধারণা করছেন ভক্তরা।
কিছুদিন আগে দেব সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দেশু ৭’-এর অফিসিয়াল পোস্টার প্রকাশ করেন। সেখানে রক্তাক্ত অবস্থায় বন্দুক হাতে দেব এবং তাকে জড়িয়ে থাকা শুভশ্রীকে দেখা যায়। জ্বলন্ত গাড়ি, ধোঁয়ায় ঢাকা পরিবেশ ও নাটকীয় আবহ পোস্টারটিতে অ্যাকশন ও রোমান্সের আভাস দিয়েছে।
পোস্টারের সঙ্গে দেব লিখেছিলেন, ‘ভালোবাসা সহজে হয় না। আর একবার হলে তাকে ছাড়া থাকা যায় না।’ একই সঙ্গে জানানো হয়, আগামী ১৬ অক্টোবর দুর্গাপূজাকে সামনে রেখে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
বিশেষ এই ছবির মাধ্যমে প্রথমবার পরিচালকের দায়িত্বও পালন করছেন দেব। সিনেমার গল্পও তারই লেখা। এতে দেব ও শুভশ্রীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য।
এবারের পূজায় ‘দেশু ৭’-এর সঙ্গে মুক্তি পাবে সৃজিত মুখার্জির ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’, উইন্ডোজ প্রোডাকশনের ‘বহুরূপী ২: দ্য গোল্ডেন ডাকু’ এবং জয়দীপ মুখার্জির ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’-সহ আরও কয়েকটি আলোচিত সিনেমা।
এসএন