আন্দোলনের প্রতি শাহরুখ সমর্থন জানিয়েছেন- এমন দাবি করা ভাইরাল পোস্টটি ভুয়া
ছবি: সংগৃহীত
০১:০২ এএম | ২৪ জুলাই, ২০২৬
দিল্লির যন্তর মন্তরে চলমান ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন শিক্ষার্থী আন্দোলনের প্রতি বলিউড তারকা শাহরুখ খান সমর্থন জানিয়েছেন- এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। তবে যাচাই করে দেখা গেছে, পোস্টটি সম্পূর্ণ ভুয়া।
সম্প্রতি সালমান খান, আলিয়া ভাট ও কারিনা কাপুর খানসহ কয়েকজন বলিউড তারকা আন্দোলনের প্রতি সমর্থন জানানোয় অনেকেই অপেক্ষায় ছিলেন শাহরুখ খান এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানান কি না। এরই মধ্যে তার নামে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, তিনি শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি নৈতিক ও মানসিক সমর্থন জানিয়েছেন।
ভাইরাল স্ক্রিনশটে লেখা ছিল, শিক্ষার্থীদের এই আন্দোলন শুধু একটি পরীক্ষার বিরুদ্ধে নয়, বরং আরও স্বচ্ছ ও ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থার দাবিতে। সেখানে শাহরুখের পক্ষ থেকে শিক্ষার্থীদের পাশে থাকার কথাও উল্লেখ করা হয়।
তবে শাহরুখ খানের ভেরিফায়েড ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ঘেঁটে এমন কোনো পোস্টের অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে স্পষ্ট হয়েছে, ভাইরাল স্ক্রিনশটটি ভুয়া।
জানা গেছে, শাহরুখ খানের নাম ব্যবহার করে পরিচালিত একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে আন্দোলন-সংক্রান্ত বিভিন্ন পোস্ট করা হচ্ছিল। সেখান থেকেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত এই আন্দোলন নিয়ে শাহরুখ খান ব্যক্তিগতভাবে কোনো প্রকাশ্য মন্তব্য করেননি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক ব্যবহারকারী স্ক্রিনশটটিকে ভুয়া বলে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “এটি ভুয়া পোস্ট”, আবার কেউ বলেছেন, “শাহরুখ এমন কোনো পোস্ট করেননি।”
প্রসঙ্গত, ২০ জুলাই ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে সিজেপি সমর্থিত শিক্ষার্থী আন্দোলন আরও জোরালো হয়। আন্দোলনকারীরা কথিত নিট-ইউজি প্রশ্নফাঁসসহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়ে আসছেন।
এমআই/টিএ