© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৩ দিন পর সচল রাঙামাটি-বান্দরবান সড়ক

শেয়ার করুন:
১৩ দিন পর সচল রাঙামাটি-বান্দরবান সড়ক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৮ পিএম | ২৫ জুলাই, ২০২৬
পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সেতু পুনর্নির্মাণের দীর্ঘ ১৩ দিন পর আবারও সচল হয়েছে রাঙামাটি-বান্দরবান সড়ক। শনিবার (২৫ জুলাই) সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচলের অনুমতি দেওয়ায় দুই জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে। এতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় অবস্থিত শিলক খালের ওপর নির্মিত বেইলি সেতুর একাংশ গত ১২ জুলাই পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হলে সড়কটি বন্ধ হয়ে যায়। এরপর জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণের কাজ শুরু করে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগ।

বান্দরবান সওজের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, বৃহস্পতিবার রাতেই মূল নির্মাণকাজ শেষ হয়। শুক্রবার পরীক্ষামূলকভাবে ছোট যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়েছিল। শনিবার সকাল থেকে বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে।

‎তিনি বলেন, শুধু সেতুই নয়, পাহাড়ি ঢলে সেতুর সংযোগ সড়কের প্রায় ১৫০ ফুট অংশও ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্রুত যোগাযোগ পুনরুদ্ধারে প্রকৌশলী ও শ্রমিকরা দিন-রাত কাজ করেছেন। তার ভাষ্য, শিলক খালের ওপর থাকা একটি রাবার ড্যামে পাহাড়ি ঢলের পানি বাধাপ্রাপ্ত হয়ে গতিপথ পরিবর্তন করায় প্রবল স্রোত সেতুর দিকে আঘাত হানে এবং এর একাংশ ধসে পড়ে।

এদিকে সড়ক চালু হওয়ায় স্বস্তি ফিরেছে দুই জেলার বাসিন্দাদের মধ্যে। বান্দরবান জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, রাঙামাটি ও বান্দরবানের মধ্যে বাস চলাচল পুনরায় শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে অনেক যাত্রী এখনও সড়ক সচল হওয়ার খবর না জানায় প্রথম দিনের যাত্রীসংখ্যা তুলনামূলক কম থাকতে পারে।

গত প্রায় দুই সপ্তাহ সড়কটি বন্ধ থাকায় যাত্রী ও ব্যবসায়ীদের বিকল্প পথে চলাচল করতে হয়েছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় অতিরিক্ত ব্যয় গুনতে হয়েছে সংশ্লিষ্টদের। সড়কটি চালু হওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে দুই জেলার যোগাযোগ ব্যবস্থা।

কেএন/টিকে

মন্তব্য করুন