দিল্লির বিক্ষোভকারীদের পানি-খাবার দেওয়ায় জুনায়েদের বাড়িতে পুলিশের হানা
ছবি: সংগৃহীত
০৯:৫৭ পিএম | ২৫ জুলাই, ২০২৬
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পানি ও খাবার দেওয়ায় মোহাম্মদ জুনায়েদ নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে পুলিশ। তারা তার বাবা ও ছোট শিশু ভাইকে ধরে নিয়ে গেছে। এছাড়া তার বোনের বাড়িতেও পুলিশ গিয়ে বোনের শশুর বাড়ির লোকদের ধরে নিয়ে এসেছে।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন তীব্র আন্দোলন হয়েছে। আজ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার আশ্বাসে আন্দোলন শেষ হয়েছে।
এর আগে যন্তর মন্তরের আন্দোলনরত শিক্ষার্থীদের খাবার ও পানি দিয়ে সহায়তা করেছেন অনেক মানুষ। তাদের একজন হলেন জুনায়েদ। তার পানি দেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই পুলিশের নজরে পড়ে যান তিনি।
জুনায়েদ স্থানীয় সংবাদমাধ্যম দ্য লালানটপকে বলেছেন, উত্তর প্রদেশে তার বাড়িতে পুলিশ যায়। ওই সময় তার বাবা ও ছোট ভাইকে ধরে নিয়ে আসে।
অপরদিকে মেরুতে অবস্থিত তার বোনের শশুরবাড়ি থেকে বোনের শশুর ও দেবরকে আটক করে নিয়ে যায় পুলিশ।
জুনায়েদ বলেন, “আমার অপরাধ কি? পানি ও খাবার দেওয়া কি অপরাধ?”
জুনায়েদের পরিবারকে হেনস্তা করার কথা জানার পর ককরোচ জনতা পার্টি (সিজেপি) তার প্রতি সংহতি জানায়।
এক্সে এক পোস্টে সিজেপি বলেছে, “অপরাধীদের ধরার বদলে। উত্তরপ্রদেশের পুলিশ আমাদের স্বেচ্ছাসেবী মোহাম্মদ জুনায়েদের বাড়িতে গিয়ে তাদের সময় নষ্ট করছে। এখন পুলিশ তার পরিবারকে হেনস্তা করছে। তার সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং আমরা কখনো তাকে ও তার পরিবারকে ভিক্টিম হতে দেব না।”
কেএন/টিকে