শিশুর অনুরোধে, '২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তিতে’ সই করলেন স্কালোনি!
ছবি: সংগৃহীত
০৪:২৫ পিএম | ২৬ জুলাই, ২০২৬
২০২৬ বিশ্বকাপ শেষে নিজ শহর পুজাতোতে পরিবারকে নিয়ে অবসর কাটাচ্ছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। ছুটিতে থাকলেও প্রতিদিনই তার বাড়ির সামনে ভিড় করছেন অসংখ্য সমর্থক। প্রিয় কোচকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে দূর-দূরান্ত থেকে আসছেন ভক্তরা। আর সেই ভিড়ের মাঝেই এক শিশুভক্তের ব্যতিক্রমী উদ্যোগ সবার দৃষ্টি কাড়ে।
ফ্রাঙ্কো ওত্তাভিয়ানি নামের এক শিশুভক্ত ও তার পরিবার স্কালোনির জন্য একটি প্রতীকী 'চুক্তিপত্র' তৈরি করে নিয়ে আসে। সেখানে বড় অক্ষরে লেখা ছিল, '২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি'।
উদ্দেশ্য ছিল একটাই আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে স্কালোনি যেন ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকেন। শিশুটির এই অনুরোধে সাড়া দিয়ে কোনো দ্বিধা ছাড়াই চুক্তিপত্রে স্বাক্ষর করেন স্কালোনি। পরে বাড়ির সামনে অপেক্ষমাণ অন্য সমর্থকদের সঙ্গেও ছবি তোলেন, অটোগ্রাফ দেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান।
তবে ঘটনাটি সেখানেই শেষ হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ফ্রাঙ্কো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও 'চিকি' তাপিয়ার উদ্দেশে বলে, 'এবার আপনার পালা'। শিশুটির এই বার্তার মাধ্যমে স্কালোনির সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি করার আহ্বানই জানানো হয়। ভিডিওটি প্রকাশের পর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয় মূলত ২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর তার দেওয়া এক মন্তব্যকে ঘিরে। স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে তিনি জানান, চলতি বছরের ডিসেম্বর পর্যন্তই তার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে। এরপর কিছুদিন বিরতি নেওয়ার বিষয়টিও বিবেচনা করছেন বলে ইঙ্গিত দেন তিনি। আর সেই মন্তব্যের পর থেকেই আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু
হয়।
তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অবস্থান একেবারেই স্পষ্ট। সংস্থাটি চায়, স্কালোনি আরও দীর্ঘ সময় জাতীয় দলের দায়িত্বে থাকুন এবং তার নেতৃত্বেই সামনে এগিয়ে যাক আলবিসেলেস্তেরা। সম্প্রতি প্রকাশিত এক আবেগঘন ভিডিওবার্তায় এএফএ সভাপতি ক্লদিও 'চিকি' তাপিয়া বলেন, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এখনও অনেক নতুন অধ্যায় লেখা বাকি।
সেই পথচলায় স্কালোনিকে আবারও পাশে চান তারা। অতীতের সাফল্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি ভবিষ্যতেও একসঙ্গে আরও বড় অর্জনের প্রত্যাশার কথাও জানান।
তবে নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে স্কালোনির সামনে রয়েছে আরও দুটি ফিফা উইন্ডো। এই সময়ে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব পালন করবেন। এরপরই এএফএর সঙ্গে আলোচনার ভিত্তিতে তার ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সবকিছু ঠিক থাকলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনির সঙ্গে নতুন চুক্তির বিষয়েও অগ্রগতি হতে পারে বলে আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এমআই/টিকে