© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিতৃত্বকালীন ছুটি বাতিল করে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ইবাদত

শেয়ার করুন:
পিতৃত্বকালীন ছুটি বাতিল করে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ইবাদত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৫ পিএম | ২৬ জুলাই, ২০২৬
আগামী আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সফরের সময় প্রথমবারের মতো বাবা হবেন ইবাদত হোসেন।

তাই বিসিবির কাছে আগেই ছুটি চেয়ে নিয়েছিলেন। কিন্তু দলের অন্য দুই ফাস্ট বোলার নাহিদ রানা ও শরীফুল ইসলাম চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যাওয়ায় পিতৃত্বকালীন ছুটি বাতিল করেছেন ইবাদত। এই পেসারকে রেখেই আজ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

টেস্ট দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার ও জাকের আলীও। দলে রাখা হয়েছে বাংলাদেশ জাতীয় দলে এখনো অভিষেক না হওয়া পেসার মুশফিক হাসানকেও। নাহিদ ও শরীফুলের মতো লিটন দাসও চোটের কারণে অস্ট্রেলিয়ায় যেতে পারছেন না। মূলত লিটনের বিকল্প হিসেবেই সুযোগ পেয়েছেন জাকের আলী। এই উইকেটকিপার-ব্যাটার সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের জুনে।

সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করায় আবার ডাক পেলেন তিনি। সৌম্য সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে। ওশেনিয়া মহাদেশে টেস্টে সৌম্যর ব্যাটিং গড় ৫০-এর বেশি, ৩ ম্যাচে একটি করে সেঞ্চুরি ও ফিফটি আছে। হয়তো সেটি বিবেচনায় নিয়ে তার ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। 
যথারীতি দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।

সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। ১৩ আগস্ট ডারউইনে শুরু প্রথম টেস্ট। ২২ আগস্ট থেকে দ্বিতীয় ও শেষ হবে ম্যাকাইয়ে। 

অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আমিত হাসান, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও মুশফিক হাসান।


এমআই/টিকে

মন্তব্য করুন