হঠাৎ কেন কান ধরে ওঠবস করলেন সোনাক্ষী! জানা গেল কারণ
ছবি: সংগৃহীত
০৮:১২ পিএম | ২৬ জুলাই, ২০২৬
ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিরোধী দলগুলোর ব্যাপক বিক্ষোভের মুখে শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপর কান ধরে ওঠবস করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন ও সোনম ওয়াংচুকের অনশনের শুরু থেকেই সরব ছিলেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জেন জিদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
ভিডিওবার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে তাদের উদ্দেশ্যে সোনাক্ষী সিনহা বলেন, তোমরা জানোই না, তোমরা কী করে দেখিয়েছ! আমি একজন শিল্পী। কিন্তু আসল শিল্প তো জেন জি।
আমি আগে জেন জিকে খুব হালকাভাবে নিতাম। ভাবতাম, এরা চার ঘণ্টা কাজ করেই ক্লান্ত হয়ে যায়, এদের দিয়ে কিছুই হবে না।
এরপর কান ধরে ওঠবস করেন সোনাক্ষী সিনহা। আন্দোলনকারী শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে এই অভিনেত্রী বলেন, আর কখনো না! স্যালুট, স্যালুট! এখন নিজেকে দেখো, আমি তোমাদের মতো হতে চাই। আমি জেন জি হতে চাই। তোমরা যা করে দেখিয়েছ, তা সত্যিই অবিশ্বাস্য!
গেল ৬ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের সূচনা।
গত ২৮ জুন, সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করলে আন্দোলনটি আরো বেশি আলোচনায় আসে। গত ১৮ জুলাই, পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। যন্তর মন্তরের এই বিক্ষোভে ভারতীয় শোবিজ অঙ্গনের অনেক তারকা অংশ নেন। এছাড়াও দেশটির নানা শ্রেণি-পেশার মানুষ শিক্ষার্থীদের এ আন্দোলনকে সমর্থন জানান।
এমআই/এসএন