হঠাৎ অবসর নিলেন বিশ্বকাপ ফাইনালের সেই রেফারি
ছবি: সংগৃহীত
০৬:৪৪ পিএম | ২৭ জুলাই, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল পরিচালনার মাত্র এক সপ্তাহ পরই আন্তর্জাতিক রেফারিং থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ।
যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচ পরিচালনা করেছিলেন ভিনচিচ। যেই ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন জিতে নেয় শিরোপা। ওই ম্যাচে আর্জেন্টিনার ফুটবলারদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারায় ভিনচিচ ব্যাপক সমালোচনার মুখে পড়েন। যদিও বাকিটা সময় তার রেফারিং বেশ প্রশংসিত হচ্ছে। তার নেওয়া সিদ্ধান্তগুলো সবগুলোই সঠিক ছিল বলে মত দিচ্ছেন সংশ্লিষ্টরা।
স্লোভেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ‘বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর স্লাভকো ভিনচিচ আনুষ্ঠানিকভাবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে তার ঐতিহাসিক রেফারিং ক্যারিয়ারের সমাপ্তি টানলেন।’

৪৬ বছর বয়সী ভিনচিচকে ২০২৬ বিশ্বকাপের সেরা রেফারি হিসেবে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)। পাশাপাশি ইতালিয়ান রেফারিজ অ্যাসোসিয়েশন (এআইএ) তাকে মর্যাদাপূর্ণ জুলিও ক্যাম্পানাতি অ্যাওয়ার্ড প্রদান করেছে।
২০১৯ সাল থেকে উয়েফার এলিট রেফারিদের তালিকায় থাকা ভিনচিচ ইউরো ২০২০-এ দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের স্পেন-ইতালি সেমিফাইনালেও তিনি রেফারির দায়িত্বে ছিলেন।
এবারের বিশ্বকাপে ভিনচিচ মোট চারটি ম্যাচ পরিচালনা করেন। এর মধ্যে ছিল ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচ, মেক্সিকো-ইকুয়েডর শেষ ষোলোর লড়াই এবং ফাইনাল। মেক্সিকো-ইকুয়েডর ম্যাচে নতুন নিয়ম ভঙ্গের অভিযোগে ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনকাপিয়েকে লাল কার্ড দেখিয়েছিলেন তিনি।
ক্লাব ফুটবলেও ভিনচিচের ক্যারিয়ার ছিল সমৃদ্ধ। ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পরিচালনা করেন, যেখানে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে ১৫তম শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। এছাড়া ২০২২ ইউরোপা লিগ ফাইনাল এবং ২০২১ ইউরোপা লিগ ফাইনালে চতুর্থ রেফারির দায়িত্বও পালন করেন।
২০২৫ সালে গালাতাসারাই ও জোসে মরিনিয়োর ফেনারবাচের মধ্যকার তুর্কি সুপার লিগের হাইভোল্টেজ ম্যাচ পরিচালনার জন্যও তাকে নির্বাচিত করা হয়েছিল। দুই ক্লাবের যৌথ অনুরোধে সেই ম্যাচে দায়িত্ব পাওয়া প্রথম বিদেশি রেফারি ছিলেন ভিনচিচ।
এমআই/এসএন