শুটিংয়ে আহত রামচরণ, হয়েছে অস্ত্রোপচার
ছবি: সংগৃহীত
০৮:১৮ পিএম | ২৭ জুলাই, ২০২৬
শুটিং চলাকালে গুরুতর চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছে দক্ষিণী সুপারস্টার রামচরণকে। কব্জিতে আঘাত পাওয়ার পরও কাজ চালিয়ে গেলেও শেষ পর্যন্ত অস্ত্রোপচারই ছিল একমাত্র উপায়।
বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রবিবার কোয়েম্বাটুরের একটি হাসপাতালে রামচরণের অস্ত্রোপচার সম্পন্ন হয়। শুটিংয়ের সময় তিনি আহত হলেও ব্যস্ততার কারণে সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।
রবিবারই হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দর থেকে কোয়েম্বাটুরের উদ্দেশে রওনা দেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা। তাঁর সঙ্গে ছিলেন বাবা ও অভিনেতা চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা কামিনেনি।
জানা গেছে, কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে।
চিকিৎসক সূত্রে জানা যায়, চোটটি জটিল হওয়ায় যুক্তরাষ্ট্র থেকে হাত ও কব্জি বিশেষজ্ঞ চিকিৎসককে আনা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি চিকিৎসক দল অস্ত্রোপচার সম্পন্ন করেন।
বর্তমানে রাম চরণকে কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকদের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত তিনি শুটিংয়ে ফিরতে পারবেন না। তাঁর শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পেড্ডি’ সিনেমার প্রচারণার সময়ও রাম চরণের কব্জির চোট অনেকের নজরে এসেছিল। তবে তখনও তিনি প্রচার কার্যক্রম চালিয়ে যান।
এদিকে রাম চরণের পরবর্তী সিনেমা ‘আরসি ১৭’-এর প্রস্তুতি চলছে। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা সুকুমার। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে চলছে। রাম চরণ পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই শুরু হবে সিনেমাটির শুটিং।
এসএন