© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে ‘রামায়ণ’ ট্রেলার মুক্তির নতুন তারিখ ঘোষণা

শেয়ার করুন:
অবশেষে ‘রামায়ণ’ ট্রেলার মুক্তির নতুন তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪১ পিএম | ২৮ জুলাই, ২০২৬
ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম বড় ও বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর ট্রেলার মুক্তির জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না ভক্তদের। পূর্বে নির্ধারিত ২৪ জুলাই ট্রেলার মুক্তির কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিল, যা নিয়ে দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। তবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) শুভ ‘ব্রহ্ম মুহূর্ত’-এ বিশ্বজুড়ে একযোগে ট্রেলারটি প্রকাশ করা হবে।

কাকতালীয়ভাবে একই দিনে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

ইনস্টাগ্রামে নতুন এই তারিখের তথ্য শেয়ার করে নির্মাতারা লেখেন, শুভ ব্রহ্ম মুহূর্তে, আগামী ৩০ জুলাই, বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটে বিশ্বব্যাপী আমাদের ট্রেলারের মাধ্যমে আমরা রামায়ণের নতুন ভোরকে স্বাগত জানাচ্ছি। এর আগে ২৪ জুলাই প্রযোজক নমিত মালহোত্রা এক বার্তায় জানান, সোনি পিকচার্স এন্টারটেইনমেন্টের সঙ্গে যৌথ অংশীদারত্বের মাধ্যমে ভারতীয় রামায়ণকে বৈশ্বিক দরবারে নিয়ে যাওয়ার স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। ভারতীয় সিনেমার শতবর্ষের ইতিহাসে এটি এক অনন্য গর্বের মুহূর্ত হতে যাচ্ছে, যেখানে হলিউডের বড় কোনো প্রজেক্টের মতোই রামায়ণকে বিশ্বের প্রতিটি কোণে তুলে ধরা হবে, যা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের কাছে নতুন মর্যাদায় উন্মোচিত করবে।



নিতেশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক চলচ্চিত্রটি ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে। দুই খণ্ডে নির্মিত এই প্রজেক্টটির মোট বাজেট নির্ধারণ করা হয়েছে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৪ হাজার কোটি রুপিরও বেশি। 

প্রাক-প্রযোজনা ও বাজেটের বিষয়ে প্রযোজক নমিত মালহোত্রা জানান, ছয়-সাত বছর আগে যখন তারা এই ছবির পরিকল্পনা শুরু করেন, তখন অনেকে তাদের পাগল ভেবেছিলেন। কারণ ভারতের কোনো সিনেমা কখনোই এই পরিসরে নির্মিত হয়নি। আন্তর্জাতিক মান বজায় রেখে অত্যন্ত দূরদর্শী ও দায়িত্বশীলতার সঙ্গে বিশ্বমঞ্চে এই ভারতীয় ইতিহাস তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়েছে।

চলচ্চিত্রটিতে ভগবান রামের ভূমিকায় অভিনয় করছেন বলিউড তারকা রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা যশকে। এ ছাড়া সীতার চরিত্রে সাই পল্লবী, হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে অভিনয় করছেন। দুই পর্বে ভাগ করে নির্মিত এই প্রজেক্টের প্রথম অংশটি ২০২৬ সালের অক্টোবরে দিওয়ালি বা দীপাবলির আগে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, আর দ্বিতীয় অংশটি প্রেক্ষাগৃহে আসবে ২০২৭ সালের দীপাবলিতে।

এসএ/টিকে

মন্তব্য করুন