ইংল্যান্ডের কোচ হওয়ার জন্যই চেন্নাই ছেড়েছেন ফ্লেমিং?
ছবি: সংগৃহীত
১২:০৪ পিএম | ৩০ জুলাই, ২০২৬
চেন্নাই সুপার কিংস ছাড়ার পর ইসিবির সঙ্গে আলোচনা করেছেন স্টিফেন ফ্লেমিং। ব্রেন্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে তিনিই এখন সবচেয়ে এগিয়ে, যদিও পাকিস্তান সিরিজের আগেই দায়িত্ব নেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
ইংল্যান্ডের টেস্ট দলের নতুন প্রধান কোচ খুঁজে পাওয়ার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। আর সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও সফল কোচ স্টিফেন ফ্লেমিং। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ব্রেন্ডন ম্যাককালামের উত্তরসূরি হিসেবে তাকে নিয়োগ দিতে আগ্রহী বলে জানা গেছে।

চলতি মাসের শুরুতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সফলতম ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন ফ্লেমিং। এরপরই ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে সরে যেতে হয় ম্যাককালামকে। সেই প্রেক্ষাপটে ইসিবির ব্যবস্থাপনা পরিচালক রব কির সঙ্গে আলোচনা করেছেন ফ্লেমিং। সবকিছু ঠিক থাকলে তিনিই ইংল্যান্ডের টেস্ট দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন।
তবে একটি বিষয় এখনও অনিশ্চিত। আগামী ১৯ আগস্ট হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগেই ফ্লেমিং দায়িত্ব নেবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কারণ, ইসিবির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো আগামী গ্রীষ্মে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ। সেই সিরিজকে সামনে রেখেই তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় উপযুক্ত কোচ নির্বাচন করতে চাইছে। প্রয়োজনে কিছুটা সময় নিতেও প্রস্তুত বোর্ড।
এফআর/এসএন